২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাত্র ফেডারেশনকর্মীদের ওপর হামলার অভিযোগ

ছাত্রলীগের সাবেক এক নেতার নেতৃত্বে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 10:43 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রাশেদুল ইসলাম রাশেদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি মহসিন হলের আবাসিক ছাত্র ছিলেন।

ছাত্র ফেডারেশন সভাপতি প্রবীর সাহা জানান, সন্ধ্যা ৭টার দিকে শাহবাগে আগামী ২৩ মে অনুষ্ঠেয় গণতান্ত্রিক বাম মোর্চার সমাবেশের প্রচারপত্র বিলি করছিলেন ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কেন্দ্রীয় গণগ্রন্থাগারসংলগ্ন একটি ফুচকার দোকানে বসা ছিলেন ছাত্রলীগের রাশেদসহ কয়েকজন। তাদের কাছে লিফলেট নিয়ে গেলে তার হঠাৎ করে উত্তেজিত হয়ে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

হামলায় সংগঠনের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক কাকন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, এবং ঢাকা মহানগর শাখার সদস্য হিমালয় হিমু ও সদস্য অভি আহত হয়েছেন বলে জানান তিনি।

প্রবীর বলেন, “হেলমেট দিয়ে নেতাকর্মীদের আঘাত করা হয়। ছবি তুলতে গেলে ক্যামেরার মেমোরি কার্ড নিয়ে ভেঙে ফেলেন তারা।”

এদিকে হামলার প্রতিবাদে রাত ৮টার দিকে টিএসসিতে বিক্ষোভ মিছিল করে প্রগতিশীল ছাত্রজোট। মিছিল শেষে টিএসসি সড়কদ্বীপের পাশে সমাবেশ হয়।