২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাধারণ পোশাকে থাকা সেনাসদস্যকে মারার পর পুলিশ প্রত্যাহার

গাজীপুরের টঙ্গীতে পুলিশের টহল গাড়ির সঙ্গে সেনাবাহিনীর মালবোঝাই কভার্ড ভ্যানের ধাক্কা লাগার নিয়ে তর্কাতর্কিতে এক সেনাসদস্যকে আঘাত করার পর প্রত্যাহার করা হয়েছে দুই পুলিশ কনস্টেবলকে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 07:54 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে টঙ্গীর শিলমুন রোডের টিএন্ডটি গেইট এলাকায় এই ঘটনার সময় ওই সেনাসদস্য সাধারণ পোশাকে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানিয়েছেন, ওই ঘটনার পর জেলা পুলিশ সুপারের নির্দেশে কনস্টেবল মো. আব্বাস আলী ও মো. বাবর আলীকে প্রত্যাহার করে প্রত্যাহার করা হয়েছে।

বিষয়টি ‘ভুল বোঝাবুঝি’ বলে মন্তব্য করেছেন পুলিশ সুপার আব্দুল বাতেন।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে টঙ্গীর ওসি ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে সাভার সেনানিবাস থেকে মালবোঝাই ১৬টি কভার্ডভ্যান খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। তখন পুলিশের একটি টহল গাড়ির সঙ্গে একটি কভার্ডভ্যানের ধাক্কা লাগে।

এ নিয়ে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদাৎ হোসেনের সঙ্গে কনস্টেবল আব্বাস ও বাবরের কথা কাটাকাটি হয়।

সাধারণ পোশাকে থাকা শাহাদাৎ এক পর্যায়ে গাড়ি থেকে নেমে এলে কনস্টেবল আব্বাস শটগানের বাট দিয়ে তার পায়ে আঘাত করেন বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে।

“ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারের মৌখিক নির্দেশে দুই কনস্টেবলকে ক্লোজ করা হয়,” বলেন ওসি।