রাজধানীতে বিকাশের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা ছিনতাই
রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় বিকাশের এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে ওই ঘটনায় আহত সানাউল্লাহ (২৮) খিলগাঁওয়ের ‘মোবাইল চয়েস’ নামে বিকাশের এজেন্ট প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন।
প্রতিষ্ঠানটির মালিক শফিকুল হক লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সময় সানাউল্লাহ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে টাকা সংগ্রহ করছিলেন।
“এ সময় দুটি মোটরসাইকেলে করে ৫/৬ জন দুর্বৃত্ত সানাউল্লাহকে কুপিয়ে তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।”
ঘটনার পর সানাউল্লাহকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, সানাউল্লাহর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
পরে অবস্থার অবনতি হলে তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে স্থান্তর করা হয় বলে জানান মোবাইল চয়েসের মালিক লিটন।
