হাতকড়াসহ পালিয়েছে আটক যুবক
রাজশাহীর দুর্গাপুরে ফেন্সিডিল কেনার সময় আটক এক যুবক হাতকড়াসহ পালিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার উপজেলার বাদইল গ্রামে এ ঘটনা ঘটে। পলাতক মজিবুর রহমান মজনু (৩৫) বাদাইল গ্রামের আব্দুল মজিদের ছেলে।
দুর্গাপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সাদা পোশাকে পুলিশের একটি দল বাদইল গ্রামের দুর্গাপুর-তাহেরপুর রাস্তায় ফেন্সিডিল কেনার সময় মজনুকে হাতেনাতে আটক করে হাতকড়া পড়ানো হয়।
এ সময় তার কাছ থেকে দুই বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাকে গাড়িতে তোলার সময় সে হাতকড়াসহ পালিয়ে যায় বলে জানান ওসি।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ মজনুর মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
