পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের কর্ণফুলীতে পাহাড় কাটার সময় এক শ্রমিক মাটির নিচে চাপা পড়ে নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে কোট্টাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ওসি মহিউদ্দিন মাহমুদ।
নিহত লক্ষণ দাশ (৩২) একই এলাকার বাসিন্দা।
অন্ধকার থাকতেই শ্রমিকরা পাহাড়ে গিয়েছিলেন। একপর্যায়ে মাটি চাপা পড়ে গুরুতর আহত হন লক্ষণ। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় অন্য শ্রমিকরা।
ভোর ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া।
এদিকে, পাহাড় কাটার অভিযোগে একটি মামলা করা হবে বলে জানিয়েছেন ওসি মহিউদ্দিন।
