গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আব্দুল মালেক জানান, মঙ্গলবার সকালে উপজেলার পান্থাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন কুড়িগ্রামের আবু হানিফ (৪৮), আরেকজনের নাম জানাতে পারেননি তিনি।
এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হামলা করে। এতে মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই মালেক বলেন, চলতি বোরো মৌসুমে ধান কাটা-মাড়াইয়ের কাজ শেষ করে কৃষি শ্রমিকরা ট্রাকে করে টাঙ্গাইল থেকে বাড়ি ফিরছিল। পথে পান্থাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা টি আর পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উল্টে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক শ্রমিক ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর হানিফ (৪৮) মারা যান।
তাৎক্ষণিক থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
