২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবারকের পক্ষে যুক্তিতর্ক শুরু মঙ্গলবার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়ার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 12:30 AM

Updated : 22 Aug 2022, 06:19 PM

আসামী মোবারকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ আদেশ দেয়।

এদিন দ্বিতীয় দিনের মতো আসামি মোবারকের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিশন।

মোবারক হোসেন বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগের বিষয়ে প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্য ও অন্যান্য তথ্য-প্রমাণের বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করেন প্রসিকিউটর শাহিদুর রহমান। এরপর মামলার আইনি দিকগুলো নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর হায়দার আলী।

হায়দার আলী বলেন, “প্রসিকিউশন মোবারক হোসেনের বিরুদ্ধে আনা সব কয়টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।”

তাই এসব মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মোবারক হোসেনের সর্বোচ্চ শাস্তির জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

এর আগে গত বছর ২০ মে মোবারক হোসেনের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্য নেয়া শুরু হয়। প্রসিকিউশনের ১২ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দিয়েছেন।

এরা হলেন- মামলার বাদী দারুল ইসলাম, শহীদ আব্দুল খালেকের মেয়ে খোদেজা বেগম ও ছেলে রফিকুল ইসলাম, মো.খাদেম হোসেন খান, আলী আকবর, মো.আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা ননী গোপাল মল্লিক, আব্দুস সামাদ, শহীদজায়া ভানু বিবি, আব্দুল হামিদ, ব্রাহ্মণবাড়িয়া ইন্ডাস্ট্রিয়াল স্কুলের সুপারিনটেনডেন্ট চমন সিকান্দার জুলকারনাইন এবং তদন্তকারী কর্মকর্তা শ্যামল চৌধুরী।

গত ২৫ নভেম্বর প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ এবং তাদের আসামিপক্ষের জেরা শেষ হয়।

গত ২৬ নভেম্বর মোবারক হোসেনের মামলায় তিনজন সাফাই সাক্ষী নির্ধারণ করে গত বছর ২৬ নভেম্বর অনুমতি দেয় ট্রাইব্যুনাল।

গত ১৮ এপ্রিল মোবারকের পক্ষে তৃতীয় ও শেষ সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ ধার্য ছিল। তবে তার আইনজীবী তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান, তারা সাক্ষী হাজির করতে পারেননি।

এরপর সাফাই সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করে ১১ মে থেকে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শুরুর আদেশ দেয়া হয়। পরে তা পিছিয়ে ১৮ মে তারিখ ধার্য করে ট্রাইব্যুনাল।

এ মামলায় সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন আসামি মোবারক হোসেন নিজে ও তার বড় ছেলে মোহাম্মদ আসাদ উদ্দিন। উভয় সাক্ষীকেই সাক্ষ্য শেষে জেরা করে প্রসিকিউশন।

২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি মোবারক হোসেনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ১২ মার্চ অভিযোগ আমলে নিয়ে জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

২৩ এপ্রিল তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটের পাঁচটি ঘটনায় অভিযোগ গঠন করা হয়। গত ১৬ মে সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে মামলার বিচারকাজ শুরু হয়।

প্রসিকিউশনের তদন্ত সংস্থা বলছে, আখাউড়ার নয়াদিল গ্রামের মোবারক একাত্তরে স্থানীয় রাজাকার বাহিনীর কমান্ডার ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের তৈরি রাজাকারের তালিকায়ও তার নাম রয়েছে।

একাত্তর পরবর্তী সময়ে জামায়াতের রাজনীতি করলেও পরে তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন এবং এক পর্যায়ে আখাউড়ার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। দুই বছর আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

একাত্তরে একটি হত্যাকাণ্ডের অভিযোগে ২০০৯ সালের ৩ মে ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট আদালতে মোবারকের বিরুদ্ধে একটি মামলা হয়।

তখন হাই কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন তিনি। পরে উচ্চ আদালতের নির্দেশে ২০১১ সালের ১৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর তার মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়।

গত বছর ১৫ জুলাই মোবারক হোসেনকে দুই মাসের জামিন দেয় ট্রাইব্যুনাল।এরপর কয়েক দফায় তার জামিনের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ১২ মার্চ অভিযোগ আমলে নিয়ে জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

গত বছরের ১৬ জুলাই থেকে গত ২২ জানুয়ারি পর্যন্ত তার বিরুদ্ধে তদন্ত চালায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।