ঢাবি ছাত্রদল নেতার ওপর হামলা
শাহবাগে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি সাদিউল কবির নিরব।
রোববার রাত ৮টার দিকে জাতীয় জাদুঘরের সামনের এই হামলার জন্য ছাত্রলীগকে সন্দেহ করছেন ছাত্রদল নেতারা।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, সন্ধ্যার পরে সাদিউল শাহবাগে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এসময় চার-পাঁচজন যুবক হঠাৎ তাকে আক্রমণ করে। পরে আরো সাত-আটজন রড এবং লাঠিসোঁটা নিয়ে যোগ দেয়।
সাদিউল মাথায় আঘাত পেয়েছেন। তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম জানান, সাদিউলের মাথায় ২০টি সেলাই লেগেছে।
হামলাকারী কারা ছিল- জানতে চাইলে নাজমুল বলেন, “সাদিউল হামলাকারীদের সনাক্ত করতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, ছাত্রলীগের কর্মীরা এই হামলা করেছে।”
তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান এই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজনৈতিক কারণে এসব ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।”
