২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তুহিনকে র‌্যাবই অপহরণ করেছে’

যশোরের বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তারিকুল আলম তুহিনকে র‌্যাবই অপহরণ ও গুম করেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 05:24 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

রোববার সকালে বেনাপোলের বাড়ির সামনে এক সংবাদ সম্মেলনে তার স্ত্রী সালমা আলম এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তুহিনের বাবা ডা. ইউসুফ আলম, মা আনোয়ারা বেগম, বড়ভাই প্রভাষক শরিফুল আলম শাহিন, তুহিনের এক বছরের শিশুপুত্র, বোনসহ আত্মীয় স্বজনেরা উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজ আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল প্রমুখ।

সালমা আলম অভিযোগ করেন, বেনাপোলের পৌর মেয়র যুবলীগ নেতা আশরাফুল আলম লিটনের সঙ্গে বিরোধের জেরেই ২০১৩ সালের ৭ মার্চ তুহিন অপহৃত হন।  পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন না হওয়ায় প্যানেল মেয়র তুহিন প্রতিবাদ করলে মেয়র লিটনের আক্রোশের শিকার হন।

তিনি বলেন, ঘটনার দিন বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনে যশোর-১ আসনে সাংসদ শেখ আফিল উদ্দিনের ফ্ল্যাট থেকে বের হয়ে ফার্মগেটের দিকে যাওয়ার সময় তিনি অপহৃত হন।

সালমা আরো অভিযোগ করেন, অপহরণের দুদিন আগে ৫ মার্চ রাত ১টায় কয়েকজন র‌্যাব সদস্য তাদের বাড়িতে আসেন। র‌্যাব সদস্যরা গেটের তালা কেটে ভেতরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু তুহিন বাড়িতে নেই জানালে তারা চলে যান।

সালমা বলেন, “যেদিন তুহিন অপহৃত হন, সেদিন বিএনপি-জামায়াতের হরতাল ছিল। হরতালের মধ্যে কোনো সাধারণ অপহরণকারী চক্র কাউকে গাড়ি নিয়ে রাজধানী থেকে অপহরণ করতে পারবে না। কারণ তখন আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া আর কারো গাড়ি রাস্তায় নামার সাহস দেখায় না।”

স্থানীয় প্রশাসন তুহিনের নিখোঁজের ব্যাপারে কোনো সহযোগিতা করেনি বলে অভিযোগ করেন তিনি বলেন, থানায় গ্রেপ্তারি পরোয়ানা এলেও তা কার্যকর করেনি তৎকালীন ওসি।

বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবির পাশাপাশি সাংবাদিক, প্রশাসন ও বিচার বিভাগের সকল স্তরের দায়িত্বশীল ব্যক্তির কাছে সহযোগিতাও কামনা করেন সালমা।

তুহিন নিখোঁজে পাঁচদিন পর তার চাচাতো ভাই সুমন মাহমুদ বাদী হয়ে ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

সুমন মাহমুদ জানান, তিন মাস পর ওই মামলার তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। মামলাটি আট মাস ডিবির তেজগাঁও জোনাল টিমের অধীনে ছিল। বর্তমানে তা ডিবির মানবপাচার প্রতিরোধ টিমের অধীনে রয়েছে।