‘ছিনতাইয়ের তথ্য জানানোয়’ নারীকে কুপিয়ে হত্যা
ছিনতাইয়ের তথ্য এলাকাবাসীকে জানিয়ে দেয়ায় নড়াইল শহরে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার শহরের ভওয়াখালী এলাকায় এ হামলায় আহত হন হালিমা বেগম (৪৫)। রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি ভওয়াখালী এলাকার শুকুর সরদারের স্ত্রী।
নড়াইল সদর থানার ওসি আমীর তৈমুর ইলি জানান, গত ২৯ এপ্রিল ভওয়াখালীতে এলাকার ছলেমান সরদারের ছেলে সেলিম সরদার ব্র্যাকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের ম্যানেজার জাহাঙ্গীর কবিরকে কুপিয়ে আহত করে টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।
ওসি বলেন, ওই ছিনতাই ঘটনার সঙ্গে সেলিম সরদারের জড়িত থাকার কথা হালিমা এলাকাবাসীকে জানান। বিষয়টি নিয়ে শনিবার সন্ধ্যায় হালিমার সঙ্গে সেলিমের বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে সেলিম ধারালো অস্ত্র দিয়ে হালিমার মাথায়সহ শরীর বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে জানান ওসি।
