‘সমালোচকদের পরীক্ষায় বসিয়ে দেয়া উচিত’
মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলের পর ‘মান’ নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের ‘কৃপণ’ হিসাবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসিয়ে দেয়ার উচিত।
পাশাপাশি ‘ঢাকায় বসে’ যারা পরীক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন তাদেরকে গ্রামের স্কুলে গিয়ে শিক্ষার্থীদের একঘণ্টা করে সময় দিতেও অনুরোধ করেছেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী রোববার সকালে তথ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন।
শনিবার প্রকাশিত মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলে শতকরা ৯১ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
তবে টেলিভিশন টকশো ও কয়েকটি পত্রিকায় শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
সমালোচকদের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, “আজকে পত্রিকায় দেখলাম, হ্যাঁ পাস করেছে তবে শিক্ষার মান বাড়ে নাই।”
“যারা বললো, আমার মনে হয় আমাদের এই ছেলেপেলেদের সঙ্গে তাদের একটু কম্পিটিশনে বসিয়ে দেয়া উচিত। ওদের মানটা ঠিক আছে কিনা তোমরা তা যাচাই করো, আর এরাও যাচাই করুক এরা যা জানে তোমরা তা জানো কি না।”
“মানসিকতা কি করকম? খুশি হওয়ার কথা, আজকে এত শিক্ষার্থী পাস করছে। মানটা রাতারাতি তো হবে না। আমরা তো চেষ্টা করে যাচ্ছি।”
প্রধানমন্ত্রী বলেন, “আজকে গ্রামের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে। ঢাকার বাইরের ছেলেমেয়ারা ভালো রেজাল্ট করছে। তাদের পড়াশোনার আগ্রহ বেড়েছে। ঢাকাবাসী যারা মানের কথা বলছেন, তাদেরকে অনুরোধ করবো আপনারা একটু গ্রামগঞ্জে যান। এক ঘণ্টা করে এক একটা স্কুলে একটু সময় দেন। মানসম্মত পড়াশোনা আপনারা করান।”
“কিন্তু কিছুই করবেন না। এখানে বসে মানদণ্ড নিয়ে বলবেন!”
শেখ হাসিনা সমালোচকদের উদ্দেশ্যে বলেন, “আমাদের দেশের কিছু মানুষের এই মানসিকতা আছে। তারা কোন কিছুতেই ভালোকে ভালো বলতে পারবেন না। তারা এতই কৃপণ যে, একটু ভালো কথাও বলতে চান না।”
