গণমাধ্যমের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
গণতান্ত্রিক ব্যবস্থাকে অব্যাহত রাখার জন্য সহায়ক শক্তি হিসাবে গণমাধ্যমকে ভূমিকা রাখারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাশাপাশি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে গণতান্ত্রিক ব্যবস্থায় ধারবাহিকতার বিষয়েও জোর দিয়েছেন তিনি।
রোববার সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী একথা বলেন।
শেখ হাসিনা বলেন, “স্বাধীনতার সুফল যেন বাংলার মানুষের কাছে পৌঁছাতে পারে, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। আর এই লক্ষ্য সামনে নিয়েই আমরা মনে করি, একটা গণতান্ত্রিক বিধিব্যবস্থা এবং ধারাবাহিক গণতান্ত্রিক বিধিব্যবস্থা থাকা একান্ত অপরিহার্য।”
“যদি ধারাবাহিক অব্যাহত গণতান্ত্রিক ব্যবস্থা থাকে, তবেই জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ করা সম্ভব। এক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
গত জানুয়ারিতে একটানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর শেখ হাসিনা বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন। তারই অংশ হিসেবে রোববার যান তথ্য মন্ত্রণালয়ে।
তথ্য মন্ত্রণালয়ে কথা বলার সময় প্রধানমন্ত্রী বেশিরভাগ কথাই বলেন সমাজে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে।
তিনি বলেন, “আমরা দেখেছি ’৭৫-এ যখন সংবিধান লংঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলের পালা শুরু হলো, মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা নিল, খুব স্বাভাবিকভাবেই মিলিটারি ডিক্টেটররা যেহেতু অবৈধভাবে ক্ষমতা নেয়, তাদের একমাত্র মাধ্যমটাই হচ্ছে এই মিডিয়া।”
“তারা যে ক্ষমতাটা পেয়েছে এটা- কোন একসময় টেলিভিশনে এসে ‘আসসালামু আলাইকুম, আমি রাষ্ট্রপতি হলাম’- বলে তাদের যাত্রা শুরু হয়। আইয়ুব খান থেকে শুরু করে স্বাধীনতার পর জিয়াউর রহমান, জেলারেল এরশাদ ধারাবাহিকভাবে যারাই এসেছে তারাই এভাবে ক্ষমতা দখল করেছে।”
প্রধানমন্ত্রী বলেন, খুব স্বাভাবিকভাবে যারা সংবিধান লংঘন করে ক্ষমতা দখল করে তারাতো মিডিয়ার স্বাধীনতা দেবে না। কারণ এটাই তো তাদের একমাত্র যন্ত্র, যার মাধ্যমে তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করবে, মানুষকে বিভ্রান্ত করবে এবং তাদের ক্ষমতার বাহন হিসেবে ব্যবহার করবে।”
শেখ হাসিনা তার প্রথম প্রধানমন্ত্রিত্বের সময় বাংলাদেশে বেসরকারিখাতে টেলিভিশন চ্যানেল উন্মুক্ত করে দেয়ার বিষয়ে বলেন, “কিন্তু যারা গণতন্ত্রে বিশ্বাস করবে তাদের এই দুর্বলতা থাকবে না। যে কারণে আমরা যখন ৯৬ সালে সরকার গঠন করার পর সিদ্ধান্ত নিলাম বেসরকারিখাতে টেলিভিশন উন্মুক্ত করে দিব।”
“এই বেসরকারি করার উদ্যেশ্য ছিল কর্মসংস্থান সৃষ্টি করা। বেসরকারি করলে দেশও লাভবান এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই বেসরকারি টিভি চ্যানেল আসার পরে টেলিভিশন প্রচারণায় একটা বিরাট বৈপ্লবিক পরিবর্তন হলো। সেই সাথে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।”
১৯৯৬ সালের পর প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল শুরু হওয়ার পর দেশে বর্তমানে অনুমোদন পাওয়া ৪৪টি টিভি চ্যানেল রয়েছে, যার মধ্যে চালু রয়েছে ২৬টি। বেসরকারি টিভি চ্যানেলের মধ্যে সিংগভাগই অনুমতি পেয়েছে আওয়ামী লীগ সরকারের মেয়াদে।
অনুমোদনপ্রাপ্ত বেসরকারি এফএম বেতার ২৮টি ও কমিউনিটি রেডিও ৩৪টি।
রেডিও, টিভি ও সংবাদপত্রের অনুমোদন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “গণতন্ত্রকে আরো বিকশিত করা, মানুষের মাঝে গণতান্ত্রিক চেতনার উন্মেষ ঘটানো, যেহেতু আমরা বার বার মিলিটারি ডিক্টেটর দারা নিস্পেষিত হয়েছি, বারবার অবৈধভাবে ক্ষমতা দখল হয়েছে, সে ঘটনা যাতে আর না হয়, মানুষের সচেতনার জন্যই আমরা এ পদক্ষেপ নিয়েছি।”
২০০৯ সালে ক্ষমতায় আসার পরই তথ্য অধিকার আইন পাস করে শেখ হাসিনার সরকার। অবাধ তথ্য নিশ্চিত হওয়ায় সরকারের সমালোচনাও বেড়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী।
“আমরা অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করি। এটা আমাদের সরকারই নিশ্চিত করেছে। তবে হ্যাঁ, ক্ষমতায় থাকলে তো সমালোচনা শুনতেই হবে। আর জাতির পিতা একটা কথা বলতেন যে, যে গাছটা ফল দেয়, সেই গাছেই ঢিলটা পড়ে। নিস্ফলা গাছে কেউ ঢিল মারে না।
যে যত বেশি কাজ করে তার তত বেশি কথা শুনতে হবে, এটা আমরা জানি। তবে এই শোনার মাধ্যমে একটা সুবিধা হয়, আমাদের সংশোধনেরও সুযোগ হয়। ভালোমন্দটা আমরা বিচার করতে পারি।”
তবে ভুল সংবাদ প্রচারের জন্য সংবাদ গণমাধ্যমের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী।
“পত্র-পত্রিকা বা চ্যানেল হচ্ছে এটা ঠিক। তবে এর সাথে যেটা হচ্ছে যে, অনেক সময় দেখা যায় আপন মনের মাধুরি মিশিয়েই সব লিখে যাচ্ছি, হয়তো যার কোন সূত্র নেই, যার কোন সত্যতা নেই।”
“তবে কেউ যাতে সমাজের কোন ক্ষতিকর কাজ যেন না করতে পারে সেজন্য একটা সুষ্ঠু ব্যবস্থা থাকা দরকার। সে লক্ষ্যে একটা সম্প্রচার নীতিমালা আমাদের থাকতে হবে।”
অনলাইন সংবাদ মাধ্যমও সমাজের জন্য ‘ক্ষতিকর’ কিছু যাতে না করতে পারে সেজন্যও একটা ‘ব্যবস্থা’ থাকা দরকার বলে মনে করেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি বলেন, “গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি সমাজের প্রতি কর্তব্যবোধ ও দায়িত্ববোধ থাকাটাও সকলের উচিত।”
“সাংবাদিকদের নীতিমালা থাকা প্রয়োজন। আমরা কাউকে নিয়ন্ত্রণ করতে চাই না; কিন্তু সমাজ, পরিবার এবং দেশ এটাকে মাথায় রেখেই একটা সহায়ক শক্তি হিসেবে সংবাদপত্র চলবে, এটাই আমাদের আকাঙ্ক্ষা।”
প্রধানমন্ত্রী শিল্পের উন্নয়নের জন্য তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তাগিদ দেন।
তিনি বলেন, “চলচ্চিত্রটাকেও গুরুত্ব দিতে হবে। ঢাকা ও ঢাকার বাইরে সিনেমাগলগুলোকে ডিজিটাল করার সুযোগ করে দিন। সিনেমার চাহিদা কিন্তু আছে। একসময় সিনেমা দেখাটাই ছিল বিরাট বিনোদনের বিষয়, সুতরাং সেই সুযোগটা যেন আবার আসে।”
এসময় সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
