২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমাসহ ২ জামায়াত নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় হাতবোমাসহ জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 12:27 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

ভোলাহাট থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, শনিবার রাতে উপজেলার বজরাটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা জামায়াতের আমির গোলাম কবির (৪২) ও বাইতুল মাল সেক্রেটারি শামসুজ্জামান আলকেশ (৪৫)। তারা দুজনই মুসরিভুজা শামসুর রহমান দাখিল মাদ্রাসার শিক্ষক।

ওসি ফরহাদ বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি টহল দল বজরাটেক এলাকায় অবস্থান করছিল। রাত সাড়ে ৯টার দিকে গোলাম কবির ও শামসুজ্জামান মোটরসাইকেল করে মুসরিভুজা থেকে বজরাটেকের দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের থামতে বললে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে তারা। পরে পুলিশ তাদের কাছে থাকা একটি স্কুল ব্যাগে ১০টি হাতবোমা পায়।

ভোলাহাট উপজেলায় নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল জানিয়ে ওসি বলেন, গ্রেপ্তার গোলাম কবিরের বিরুদ্ধে ভোলাহাট থানায় দুটি হত্যা মামলাসহ সাতটি মামলা রয়েছে।