যশোরে শিবির সন্দেহে ৮ শিক্ষার্থী আটক
যশোরের বিভিন্ন ছাত্রবাসে অভিযান চালিয়ে শিবির সন্দেহে ৮ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে এই আটককৃতদের কাছ থেকে ১১টি বোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
আটককৃতদের মধ্যে সাতজন যশোর সরকারি এমএম কলেজ এবং একজন সাতক্ষীরা আমানুল্লাহ কলেজের ছাত্র।
এমএম কলেজের শিক্ষার্থীরা হলেন হিসাব বিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র শামীম রেজা, অর্থনীতি তৃতীয় বর্ষের ছাত্র আবু মুছা, উদ্ভিদবিদ্যা দ্বিতীয় বর্ষের ছাত্র আল মামুন, দর্শন দ্বিতীয় বর্ষের ছাত্র সামসুল আলম, অর্থনীতি ২য় বর্ষের ছাত্র শাহাবুদ্দীন আহমেদ, রাশেদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শোয়েব আহমেদ।
এছাড়া পুলিশ রিপন হোসেন নামে আরো একজনকে আটক করেছে। সে সাতক্ষীরার কলারোয়া আমানুল্লাহ কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও মনিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের ইমান আলীর ছেলে।
আটকের ঘটনা জানিয়ে কোতয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, “আটককৃতদের কাছ থেকে ১১টি বোমা উদ্ধার করা হয়েছে। তারা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল তারা।”
তবে, নিজেদের সাধারণ শিক্ষার্থী দাবি করে আটককৃতরা অভিযোগ করছেন, পুলিশ বিনা কারণে তাদেরকে আটক করেছে।
বাহরাইন ছাত্রাবাসে অগ্নিসংযোগ
শহরের আশিক ছাত্রাবাসের পাশে বাহরাইন ছাত্রাবাসে শনিবার বেলা ১২টার দিকে আগুন ধরিয়ে দেয় স্থানীয় কয়েক যুবক। পরে পুলিশ গিয়ে আগুন নেভায়।
ঘটনার সময় শিবির সন্দেহে রিপন নামে এক ছাত্র স্থানীয়দের হাতে আহত হয়েছে। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি বাহরাইন ছাত্রাবাসে আগুন দেয়া এবং একজনকে কুপিয়ে আহত করার কথা স্বীকার করেন।
তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা তিনি স্পষ্ট করে বলেননি।
