২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিপিএ-৫ ও পাসের হার বেড়েছে চট্টগ্রাম বোর্ডে

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যার সঙ্গে বেড়েছে পাসের হারও।

চট্টগ্রাম ব্যুরো

মিঠুন চৌধুরী, , বিডিনিউজ টোয়েন্টিফোর ডটটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 03:34 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৯১ দশমিক ৪০ শতাংশ, যা গতবারের চেয়ে ৩ দশমিক ৩৬ শতাংশ বেশি। গতবার পাসের হার ছিল ৮৮ দশমিক শূন্য ৪ শতাংশ ।

এবার জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ৮৮৪ জন, যা গতবারের চেয়ে ৩ হাজার ৫২৬ জন বেশি। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ৩৫৮ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড কার্যালয়ে শনিবার সকাল ১১টায় ফল ঘোষণা করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত।

ফল ঘোষণা করে পীযূষ দত্ত বলেন, শিক্ষানীতি, শিক্ষা মন্ত্রীর উদ্যোগ, শিক্ষার্থী ও সচেতন অভিভাবকদের প্রয়াসের কারণেই এবার বোর্ডের ফলাফল ভালো হয়েছে।

“এই শিক্ষার্থীরাই ২০১১ সালে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছে। এটাও ভালো ফলের অন্যতম প্রধান কারণ।”

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামগিক ফলাফলে এবার প্রথম হয়েছে কলেজিয়েট স্কুল। তবে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা ও মোট উত্তীর্ণ শিক্ষার্থী সংখ্যার দিক থেকে এগিয়ে আছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ও কলেজ।

এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৯১ হাজার ৮৪৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮৩ হাজার ৯৪৬ জন।

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষাসহ প্রতিটি বিভাগে পাসের হার গতবারের তুলনায় বেড়েছে।

বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৩ দশমিক ৮৭ শতাংশ (গতবার ৯১ দশমিক ৯৯ শতাংশ)। মানবিকে পাসের হার ৮৫ দশমিক ৯৯ শতাংশ (গতবার ৭৯ দশমিক ৭৭ শতাংশ)। ব্যবসায় শিক্ষায় এবার পাসের হার ৯২ দশমিক ৯৪ শতাংশ (গতবার ৮৯ দশমিক ৯৪ শতাংশ)।

সবেচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। সাত হাজার ৩৯১ জন বিজ্ঞানের শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছে। ব্যাবসায় শিক্ষায় তিন হাজার ৩৭৭ জন এবং মানবিকে ১১৬ জন জিপিএ-৫ পেয়েছে।

এবার ছাত্র পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ। গতবার তা ছিল ৮৯ দশমিক ১৪ শতাংশ। বেড়েছে ছাত্রী পাসের হারও। এবার ছাত্রী পাসের হার ৯০ দশমিক ৫৮ শতাংশ। গতবার তা ছিল ৮৭ দশমিক ১০ শতাংশ।

জিপিএ-৫ পাওয়ার হিসেবেও এগিয়ে আছে ছাত্ররা। এবার পাঁচ হাজার ৫৭৯ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৩০৫ জন।

চট্টগ্রাম মহানগরে পাসের হার বেড়ে দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৬০ শতাংশ। গতবার তা ছিল ৯৩ দশমিক ৭৮ শতাংশ।

মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হারে বেড়ে হয়েছে ৯১ দশমিক ৭০ শতাংশ । মহানগরসহ চট্টগ্রাম জেলার পাসের হার বেড়ে হয়েছে ৯৩ দশমিক ২৮ শতাংশ।

বোর্ডের অর্ন্তভুক্ত কক্সবাজার জেলার পাসের হার বেড়ে হয়েছে ৯১ দশমিক ৩১ শতাংশ । গতবার তা ছিল ৮৭ দশমিক ৩১ শতাংশ।

সার্বিক ফলে সেরা ১০

চট্টগ্রাম বোর্ডে ৯৫ দশমিক ৩৬ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছে কলেজিয়েট স্কুল। দ্বিতীয়-বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (৯৫ দশমিক ৩৫), তৃতীয়-ডা. খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় (৯৩ দশমিক ৭৭), -চতুর্থ - সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় (৯৩দশমিক ৪৬), পঞ্চম- সিলভার বেলস গার্লস হাই স্কুল (৯০ দশমিক ৬২), ষষ্ঠ-ক্যান্টনম্যান্ট ইংলিশ স্কুল (৯০ দশমিক ১৫), সপ্তম- চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় (৮৯ দশমিক ৫৮), অষ্টম- ফৌজদারহাট ক্যাডেট কলেজ (৮৯ দশমিক ১৬),  নবম- নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় (৮৮ দশমিক ০৭) ও দশম- চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৮৭ দশমিক ১৬)।

জিপিএ-৫ এর হিসেবে সেরা ১০

প্রথম- বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ও কলেজ (৩৯১), দ্বিতীয় - কলেজিয়েট স্কুল (৩৬৮ জন), তৃতীয়-সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় (৩৪৮), চতুর্থ - ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (২৯৯), পঞ্চম- নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় (২৭৫), ষষ্ঠ- চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় (২১১), সপ্তম- চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (১৮৮), অষ্টম-কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (১৭০), নবম- কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় (১৫৩), দশম-চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (১৫০)।

শতভাগ পাস

এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে শতভাগ পাস করেছে ৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতবারে শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮৪টি।

এর মধ্যে নগরীর বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪২২ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে সকলেই পাশ করেছে। গতবারও এ বিদ্যালয়ের ৪০১ শিক্ষার্থীর সকলেই পাশ করেছিল।  

এ তালিকায় শীর্ষদশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল- কলেজিয়েট স্কুল (৩৮৭), সেন্ট স্কলাসটিকা বালিকা উচ্চ বিদ্যালয় (১৯৮), চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (১৮০), ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (১২১) ক্যান্টনম্যান্ট ইংলিশ স্কুল (১০৯), সিলভার বেলস বালিকা উচ্চ বিদ্যালয় (১০৭), চুয়েট স্কুল অ্যান্ড কলেজ (৯৬), মির্জা আহমেদ ইস্পাহানি হাই স্কুল (৮৬) ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ (৫০)।