২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 12:35 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে এদের আটক করা হয়েছে বলে জানান চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি, সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া।

এএসপি এমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুদ্ধাপরাধের মামলা রায় ঘোষণাকে কেন্দ্র করে যাতে কোন ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সে জন্য এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুই উপজেলা থেকে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।”

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা যুদ্ধাপরাধের মামলায় গত বছরের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর ও দশম সংসদ নির্বাচন পূর্ববর্তী নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি।

সাঈদীর রায় ঘোষণা ও নির্বাচন পূর্ববর্তী সময়ে চট্টগ্রামের এ দুই উপজেলায় ব্যাপক নাশকতা ও সহিংসতা হয়। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন নিহত হয়।