লঞ্চডুবি: ব্যাগ আনতে গিয়ে ডুবলেন কাদের
অফিসের কাজে শরীয়তপুর থেকে এসে পরিবারের কাছে ফিরবেন বলে মোবাইল ফোনে স্ত্রীকে কথা দিয়েছিলেন তিনি। কিন্তু শরীয়তপুর যাবার পথেই লঞ্চডুবিতে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের হাইমচর উপজেলার আ. কাদের শিকদার (৫৫)।
বৃহস্পতিবার বিকালে ঝড়ে ডুবে যাওয়া লঞ্চ এমভি মিরাজ-৪ এর যাত্রী হাইমচরের পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের কাদের শিকদারের লাশ পাওয়া গেছে শুক্রবার বিকাল ৩টায়।
কাদেরের সঙ্গী লঞ্চ থেকে লাফ দিলেও কাদের ছোটেন ব্যাগটি নিয়ে আসতে। কিন্তু ফিরে আসার আগেই লঞ্চ ডুবে যায়।
দুই ছেলে ও এক মেয়ের বাবা কাদের শিকদার। লঞ্চডুবিতে নিখোঁজ থাকার পরও পরিবারের সবাই আশায় ছিলেন মানুষটিকে জীবিত ফিরে পাবেন।
কিন্তু রাত থেকে আত্মীয় স্বজনসহ দুর্ঘটনাস্থলে অবস্থান করে শুক্রবার বিকালে বাবার লাশ সনাক্ত করেছেন ছেলে নেছার আহমেদ শিকদার। লাশের সংবাদে পরিবারসহ সবার মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
শরীয়তপুর যাত্রার আগে লঞ্চে উঠে মোবাইলে ফোন করে স্ত্রীর কাছে থেকে সবার খবর জেনে নিয়েছিলেন। স্ত্রীকে বলেছিলেন, শরীয়তপুর থেকে ফিরে দেশের বাড়ি চাঁদপুরে আসবেন।
কোম্পানির কাজে কাদের শরীয়তপুর যাচ্ছিলেন এক সহকর্মীসহ। সময়মতো লঞ্চ থেকে ঝাঁপ দিতে পারায় বেচেঁ ফিরেছেন তিনি। তার মাধ্যমেই দুর্ঘটনার সংবাদ পেয়েছেন ছেলে নেছার আহমেদ শিকদার। তার কাছ থেকে জেনেছেন তিনি লঞ্চডুবির আগ মুহূর্তের কথা।
নেছার আহমেদ বাবার সেই সহকর্মীকে উদ্ধৃত করে জানান, লঞ্চটি ঝড়ের কবলে পড়লে সঙ্গে থাকা সহকর্মী লঞ্চের কিনারায় এসে নদীতে ঝাঁপ দেয়ার কথা বলে। কাদের শিকদার তার ব্যাগ আনতে লঞ্চের ভিতরে গেলে ততক্ষণে লঞ্চটি ডুবে যায়। সহকর্মী সাঁতরে নদী তীরে আসলেও কাদের শিকদারকে আর খুঁজে পাওয়া যায়নি।
কাদের শিকদারের ছোট ভাই আ. মান্নান শিকদার জানান, কাদের শিকদারের লাশ রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
হাইমচরের ইউএনও সুব্রত কুমার দে বলেন, “আমরা প্রশাসনিকভাবে খোঁজ-খবর নিচ্ছি এবং শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি।”
