২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পুকুর ভরাট করছে গৃহায়ন কর্তৃপক্ষ

রাজশাহী মহানগরীতে জলাশয়, পুকুর, ডোবা ও খাল ভরাটের উপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা স্বত্ত্বেও এবার প্লট বানাতে পুকুর ভরাট করা হচ্ছে সরকারি উদ্যোগে।

বদরুল হাসান লিটন

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 06:05 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

মহানগরীর ছোট বনগ্রাম এলাকার প্রায় এক একর আয়তনের একটি পুকুরটি ভরাট করে প্লট নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। ইতোমধ্যেই পুকুরটির প্রায় অর্ধেক অংশ ভরাট হয়ে গেছে।

তবে কাগজে-কলমে কোথাও এক একরের জলাশয়টি পুকুর হিসেবে উল্লেখ নেই বলে দাবি করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ রাজশাহী বিভাগের সহকারী পরিচালক মোরশেদ মাহমুদ চৌধুরী।

ওই জলাশয়সহ সেখানে গৃহায়নের অধিদপ্তরের ৫.৩৯ (পাঁচ দশমিক ৩৯) একর জমি রয়েছে উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মোরশেদ মাহমুদ চৌধুরী জানান, স্বল্প ও মধ্যম আয়ের গৃহায়ন উন্নয়ন প্রকল্পের আওতায় জলাশয়টি ভরাট করা হচ্ছে; সেখানে ৭০টি প্লট করা হবে।

তবে জায়গাটি রাজশাহী পরিবেশ অধিদপ্তরের তালিকায় পুকুর হিসেবেই উল্লেখ আছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মিজানুর রহমান।

রাজশাহী মহানগরীতে একের পর এক পুকুর ভরাটের প্রেক্ষিতে নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেছিল হেরিটেজ রাজশাহী নামের পরিবেশবাদী একটি সংগঠন।

সংগঠনটির সভাপতি মাহবুব সিদ্দিক জানান, আবেদনের প্রেক্ষিতে ২০১০ সালের ১৩ ডিসেম্বর আদালত মহানগরীর সব জলাশয়, পুকুর, ডোবা ও খাল ভরাটের উপর নিষেধাজ্ঞা জারি করে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সমন্বয়কারী (রাজশাহী-রংপুর) তন্ময় সান্যাল জানান, জলাধর সংরক্ষণ আইন ২০০০ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী যে কোনো জমির শ্রেণি পরিবর্তন করতে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ-আরডিএ ও পরিবেশ অধিদপ্তর) অনুমতি লাগবে।

তাদের অনুমতি ছাড়া কোনোভাবেই পুকুর জলাশয়, ডোবা ও খাল ভরাট করা আইনসম্মত নয়। এ ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারে।

রাজশাহীর আবহাওয়া এমনিতেই চরমভাবাপন্ন। এ পুকুর-জলাশয়গুলো ভরাট হয়ে গেলে আবহাওয়ার স্বাভাবিক অবস্থার আরো অবনতি হবে বলে মনে করেন বেলার এই সমন্বয়কারী।

হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিক জানান, ১৯৬১ সালে নগরীতে ছোট বড় পুকুর, দিঘি ও জলাশয় ছিল চার হাজার ২৮৩টি। ১৯৮১ সালে এই সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসে দাঁড়ায় ২ হাজার ২৭১টিতে। ২০০০ সালে ৭২৯টি পুকুর থাকলেও বর্তমান এ সংখ্যা দাঁড়িয়েছে ২১৪টিতে।

তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ও আরডিএ’র নীরবতায় প্রভাবশালীরা একের পর এক ভরাট করছে বিভিন্ন জলাধার। কখনো প্রকাশ্যে, কখনো গোপনে, কখনো কৌশলে চলে পুকুর ভরাট। তবে এবার সরকারি উদ্যোগে ভরাট হচ্ছে পুকুর।

আরডিএ-এর নতুন মাস্টার প্ল্যান অনুযায়ী ওই পুকুরটি সংরক্ষিত পুকুরের তালিকায় নেই বলে আরডিএ-এর ভারপ্রাপ্ত নগর পরিকল্পক আজমেরী আশরাফী জানান।

সে কারণে পুকুরটি রক্ষার ক্ষেত্রে তারা কোনো আইনি ব্যবস্থা নিতে পারবেন না বলে মন্তব্য করেন তিনি।

রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মিজানুর রহমান বলেন, পুকুর ভরাটের বিষয়টি তারা জানেন। বিষয়টি ঢাকা পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে। তারা যেভাবে নির্দেশ দিবেন সেইভাবেই ব্যবস্থা নেয়া হবে।

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, এলাকাবাসী দীর্ঘদিন ধরে সেটিকে সরকারি পুকুর হিসেবে জানে এবং ব্যবহার করে আসছে। বিষয়টি নিয়ে আরডিএ, পরিবেশ অধিদপ্তর ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।