লাখ টাকায় নবজাতকের মৃত্যুর ‘দায় মুক্তি’
ফেনীতে অবহেলায় নবজাতকের মৃত্যু ঘটনা লাখ টাকার বিনিময়ে মীমাংসা করেছে এক ক্লিনিক কর্তপক্ষ।
বৃহস্পতিবার নিহত নবজাতকের মামা এনায়েত উল্যাহ এ ঘটনায় ক্লিনিকের বিরুদ্ধে মামলা না করা শর্তে এক লাখ টাকার চেক পাওয়া কথা স্বীকার করেছেন।
ফেনীর দাগনভূঞা থানার ওসি নিজাম উদ্দিন জানান, বুধবার সকালে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে ইয়ারপুর গ্রামে আবুল কাসের স্ত্রী মনোয়ারা বেগম পপুলার হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসক না থাকায় রাতে ক্লিনিকে সেবিকা (নার্স) তমালিকা মনোয়ারার প্রসব করান। এ সময় তার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় এবং নবজাতক শিশুটি মারা যায়।
আশঙ্কাজনক অবস্থায় মনোয়ারাকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নবজাতক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রসুতি মনোয়ারার ভাই এনায়েত উল্যাহসহ তার লোকজন হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায়।
এনায়েত উল্যাহ জানান, তিনি থানায় মামলা করার প্রস্তুতি নিলে ক্লিনিক কর্তৃপক্ষ ও পুলিশ বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়।
রাতে ক্লিনিকের পরিচালক আলাউদ্দিন থানায় পুলিশের উপস্থিতিতে চেকের মাধ্যমে নবজাতকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা দেন।
ঘটনার পর থেকে ক্লিনিকটিতে তালা বন্ধ করে কর্মকর্তা কর্মচারীরা পলাতক রয়েছে।
