২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দুর্ঘটনায় নিহত ৪

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাস, অ্যাম্বুলেন্স ও ট্রাক্টরের সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১২ জন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 07:22 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সুজাতপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানিয়েছেন।

নিহতদের মধ্যে অ্যাম্বুলেন্স চালক পারভেজ হোসেনের (৩৫)পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি নোয়াখালীর সেনবাগের উত্তর সাহাপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি উত্তম জানান, কুমিল্লা থেকে চট্টগ্রামগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে সেনবাগ থেকে ঢাকাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে একটি ট্রাক্টর সজোরে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই চালকসহ অ্যাম্বুলেন্সের চার জন নিহত এবং বাসের ১২ জন আহত হন।

ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

আহতদের মধ্যে দাগনভূঁইয়ার রামেন্দ্রপুরের ফারুক (৪০), কোম্পানিগঞ্জের চরপর্বতীপুরের ইসমাইল হোসেন (৩৮), আবির হোসেন (৪) ও অজ্ঞাত পরিচয় এক নারীকে  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া আহত বাসযাত্রী কুমিল্লা সেনানিবাসের সেনা সদস্য নূর মোহাম্মদকে (৩৫) কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।