বাগেরহাটে অপহরণের কয়েক ঘণ্টায় দুই ব্যক্তি উদ্ধার, গ্রেপ্তার ১
বাগেরহাটের চিতলমারীতে মুক্তিপণের জন্য দুই ব্যক্তিকে অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে।
বৃহস্পতিবার প্রথম প্রহরে উপজেলার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধারের সময় স্বাধীন মোল্লাকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।
বারাশিয়া গ্রামের কামরুল মোল্লার ছেলে স্বাধীনকে গ্রেপ্তারের সময় অপহরণ কাজে ব্যবহৃত দুটি মটরসাইকেল আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জের কাশিয়ানীর আব্দুস সালাম মোল্লার ছেলে সেলিম ব্র্যাকের শিক্ষা কার্যক্রমের চিতলমারী কর্মসূচি সংগঠক এবং জামাল পিরোজপুরের নাজিরপুরের আব্দুস সাত্তারের ছেলে।
চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের রাস্তায় সেলিম ও জামাল দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় তাদের অস্ত্র ঠেকিয়ে দুটি দুটি মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় অপহরণকারী একটি চক্র।
উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের একটি ফাঁকা মাঠে নিয়ে দুজনের কাছে থাকা সাড়ে ১২ হাজার টাকা নিয়ে নেয় তারা। এরপর অপহরণকারী দলে থাকা দুই নারী সদস্যকে তাদের পাশে দাঁড় করিয়ে ছবি তুলে।
পরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহৃতদের পরিবারে ফোন করে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের কাছে আসতে বলে অপহরণকারীরা।
ওসি আরো বলেন, অপহৃতদের পরিবার বিষয়টি জানালে পুলিশ তাদের টাকা নিয়ে ওই এলাকায় যেতে বলে। অপহরণকারীরা মুক্তিপণের টাকা নিতে ওই পরিবারের সদস্যদের কাছে এলে ওঁৎ পেতে থাকা পুলিশ সদস্যরা স্বাধীনকে ধরে ফেলে।
স্বাধীনকে জিজ্ঞাসাবাদে অপহরণকারী দলের দুই নারী সদস্যসহ ১০ জনের নাম জানলেএ বাকিদের আটক করা যায়নি বলে জানান ওসি।
এ ঘটনায় স্বাধীন মোল্লাসহ ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন জামাল। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।
