২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে দুর্ঘটনায় চিকিৎসক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাস ও কভার্ড ভ্যানের সংঘর্ষে সদ্য পাস করা এক নারী চিকিৎসক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 11:17 AM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে কুমিরা এলাকায় পিএইচপি গেইটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনায় আরো অন্তত চার/পাঁচ জন বাসযাত্রী আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

মহাসড়ক পুলিশের কুমিরা ফাঁড়ির পরিদর্শক জিল্লুর রহীম জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘হানিফ পরিবহনের’ যাত্রী।

নিহত সঞ্চীতা বিশ্বাস (২৮) ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক শান্তনু করের স্ত্রী। স্বামীর সঙ্গে ঢাকাতেই থাকতেন তিনি।

সম্প্রতি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন সঞ্চীতা।

স্বজনরা জানিয়েছে, সকালে বাসটিতে করে বাবার বাড়ি চট্টগ্রামে যাচ্ছিলেন তিনি।  

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জিল্লুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে হানিফ পরিবহনের বাসটির সঙ্গে কাভার্ড ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সঞ্চীতা।

এদিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে আর আর জুট মিলের সামনে থেকে ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ  হাসপাতালে আনা হলে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত মো. বারেকের (৪০) বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ির নাটেশ্বর গ্রামে।

কোনো গাড়িরচাপায় বারেকের মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।