২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসুর গ্রেপ্তার নিয়ে বিভ্রান্তি আছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সাতখুনের আসামি হাসমত আলী হাসুর গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত নন বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 01:41 AM

Updated : 22 Aug 2022, 06:17 PM

যদিও বুধবার সকালে তার গ্রেপ্তারের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন তিনি।

রাতে প্রতিমন্ত্রী বলেন, “হাসমত আলী হাসুকে গ্রেপ্তার করা হয়েছে কি না সে বিষয়ে আমরা নিশ্চিত নই। এখনো কনফিউশন রয়েছে। আইজিপি সাহেব এখনো জানেন না।”

সকালে দেয়া তার বক্তব্য তুলে ধরলে তিনি বলেন, “আসলে আমি বলতে চেয়েছিলাম, আমি টিভিতে দেখেছি যে, তাকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে; আপনিও দেখেন।”

হাসু নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও হত্যা মামলার ৩ নম্বর আসামি।

মঙ্গলবার রাতে পুলিশ তাকে যশোর থেকে গ্রেপ্তার করেছে বলে সকাল পৌনে ৯টার দিকে প্রতিমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

হত্যা মামলার এক নম্বর আসামি নূর হোসেনের কোষাধ্যক্ষ ছিলেন হাসু। তিনি সিদ্ধিরগঞ্জের মিজিমিজি পশ্চিমপাড়ার দারোগ আলীর ছেলে।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন।

তিন দিনের মাথায় শীতলক্ষ্যা নদীতে অপহৃতদের লাশ ভেসে ওঠে, যাদের অপহরণের পরপরই হত্যা করা হয়েছিল বলে ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন।

পুরনো খবর:

৭ খুনের এক আসামি গ্রেপ্তার