২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার বিচার দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 09:59 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

পুরনো খবর:

হামলার পর ঢাকা মেডিকেলে উত্তেজনা
বারডেমে হামলায় মামলা,পুলিশ কর্তা মাসুদও আসামি

রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে বুধবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত কয়েকশ চিকিৎসক কালো ব্যাচ ধারন করে মানববন্ধনে অংশ নেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ডাকে এ কর্মসূচি পালিত হয়।

বিএমএ মহাসচিব ইকবাল আর্সলান ও আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূইয়া মানবন্ধনে অংশ নেন।

মানবন্ধনে বিএমএ সভাপতি মাহমুদ হাসান বলেন, “চিকিৎসকদের ওপর আগেও কম-বেশি হামলা হত। কিন্তু সাম্প্রতিককালে এ ধরনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। কিছু হলেই ডাক্তারের ভুলের অজুহাত দেয়া ঠিক নয়।

“আমরা হামলাকারীদের বিচার দাবি করছি এবং চিকিৎসা ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।”

চিকিৎসকদের ওপর কারা হামলা করছে জানতে চাইলে তিনি বলেন, “সরকারকেই তদন্ত করে হামলাকারীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে।”

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত সারাদেশে বিশেষজ্ঞ চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বারে কোনো রোগী দেখবেন না।

সম্প্রতি বারডেম ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে।  সংঘর্ষের ঘটনা ঘটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও।

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অজুহাত তুলে বারডেমের কয়েক চিকিৎসককে মারধর করা হয়। অন্যদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসকদের লিফটে ওঠা নিয়ে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে সংঘর্ষে জড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একদল নেতাকর্মী।

এর জের ধরে রাতের বেলায়  চাঁনখারপুলে হামলার শিকার হন তিন চিকিৎসক।