র্যাব বাতিলের দাবি রাজনৈতিক উদ্দেশ্যে: ইনু
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার র্যাব বাতিলের দাবিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও চক্রান্তমূলক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার দুপুরে কুষ্টিয়ার মিরপুরের নওদা কুর্শা, বেশীনগর ও রামনগর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
খালেদা জিয়া এ নিয়ে কোনো আন্দোলনে গেলে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তথ্যমন্ত্রী।
বিএনপি নেত্রীর উদ্দেশে তিনি প্রশ্ন করেন, “জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর কতিপয় সদস্য গুলি করে হত্যা করেছে, সেজন্য উনি কি সেনাবাহিনী বাতিলের প্রস্তাব দেবেন?
“পুলিশের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে, তবে উনি কি পুলিশ বাতিলেরও প্রস্তাব দেবেন?”
র্যাব ও পুলিশকে নিরাপত্তার ছাতা প্রদানকারী হিসেবে উল্লেখ করে খালেদা জিয়ার উদ্দেশে ইনু বলেন, “তাদের বিরুদ্ধে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন শাসনতন্ত্র, গণতন্ত্র ও আইনশৃঙ্খলা বিরোধী উক্তি আর করবেন না, র্যাব বাতিলের কোনো প্রস্তাব করবেন না।”
অনুষ্ঠানে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি দাউদ হোসেনর সভাপতিত্বে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মকলেস গনি, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) সোহেল রেজা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় কয়েকজন র্যাব সদস্য জড়িত থাকার অভিযোগ ওঠার পর খালেদা জিয়া র্যাব বাতিলের দাবি জানান।
