২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ শেষ হলেও ছাড়েনি চবির ট্রেন

ছাত্রলীগের একাংশের ডাকা সপ্তাহব্যাপী অবরোধ প্রত্যাহার হলেও ‘আশ্বস্ত’ না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ছাড়েননি রেলের কর্মচারীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 04:41 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

ট্রেন চালক ও কর্মচারীদের অসম্মতির কারণে সুচি অনুযায়ী বুধবার সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চার দফায় নগরী থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ছাড়ার কথা থাকলেও তা যায়নি।  

একই কারণে বিশ্ববিদ্যালয় থেকে নগরীমুখী শাটল ট্রেনও চলেনি। 

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত না হওয়া পর্যন্ত সহকর্মীদের গাড়ি চালাতে বলতে পারি না।

“কী শর্তে সমঝোতা হয়েছে, তা আমরা জানি না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রদের প্রতিনিধি এসে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপককে (জিএম) আশ্বস্ত করলেই ট্রেন চলবে।”

গত সপ্তাহে ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ চলাকালে শাটল ট্রেনের চালককে ধরে নিয়ে যাওয়া হয়। অবরোধের মধ্যে ইটের আঘাতে ট্রেন চালক ও রেলওয়ে পুলিশ আহত হওয়ার ঘটনাও ঘটে।

এর পরিপ্রেক্ষিতে ‘জান ও মালের নিরাপত্তা’ নিশ্চিতের দাবিতে শাটল চলাচল বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেন শ্রমিক কর্মচারী সমিতির নেতা মোহাম্মদ আলী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌলাহ সকালের দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। আশা করি, তারা আশ্বস্ত হবেন। আলোচনার পর সিদ্ধান্ত আপনাকে জানাব।”

তবে, বুধবার বিকেল পর্যন্ত এ বিষয়ে কিছু জানা যায়নি।  

এদিকে বিশ্ববিদ্যালয়ে অবরোধ তুলে নেয়া হলেও দলীয় নেতা গ্রেপ্তারের প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ছিল জামায়াতে ইসলামীর।