২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগ নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

টঙ্গীতে তুরাগ নদীর দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 04:13 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতের নির্দেশনা অনুসারে বুধবার সকাল সাড়ে ১০টায় অবৈধ স্থাপনা উচ্ছেদের এ অভিযান শুরু হয়েছে।

তুরাগ তীরের বাদাম, মাছিমপুর, ভাক্রাম, টঙ্গী, পাগার ও আরিচপুর মৌজার ৬৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। স্থাপনাগুলো উচ্ছেদ না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ অভিযান।

অভিযানে দুইটি এক্সকেভেটর (ভেকু), দুইটি জাহাজসহ ৫০ জন শ্রমিক কাজ করছে।

সাইফুল ইসলাম আরো জানান, এ অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করতে সাতদিনের মতো লাগতে পারে।

নদীর সীমানায় ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির প্রায় এক বিঘা এবং জনৈক মো. আলমের প্রায় এক একর জায়গাজুড়ে সীমানা প্রাচীরসহ বিভিন্ন মানুষের পাকা-সেমি পাকা ঘর, টয়লেট, আরসিসি ওয়াল, সিট পাইলিংসহ বেশকিছু শক্ত স্থাপনা থাকায় সময় লাগবে, বলেন সাইফুল।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সালাম জানান, ১৯ মার্চ দখলদারদের উচ্ছেদে সাত দিনের সময় দিয়ে নোটিশ দেয়া হয়। কিন্তু অদ্যবদি ওইসব স্থাপনা সরিয়ে না নেয়ায় তা উচ্ছেদে অভিযান শুরু করা হয়েছে।

অভিযানের সময় বিআইডব্লিউটিএ এর পরিচালক মো. আবুল বাশার, উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুস সালাম ও অন্যরা উপস্থিত ছিলেন।