গ্রেপ্তার না হওয়ায় হতাশা
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র্যাবের তিন কর্মকর্তা আদালতের আদেশের পরও গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অসংখ্য পাঠক।
‘সাত খুন: গ্রেফতার আদেশ প্রক্রিয়ার ফাঁদে’ মঙ্গলবার এ খবরের প্রতিক্রিয়ায় পাঠকরা বিডিনিউজ টোয়েন্টিফোরের ফেইসবুক পেইজে নানা মন্তব্য করে।
মৌ মিঠু নিকে একজন লিখেছেন, “বাংলাদেশে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না।”
দেওয়ান সায়েদুল এইচ এম নামের একটি নিক থেকে হতাশা প্রকাশ করে বলা হয়, “আদালতের আদেশ বলে সংবিধান পরিবর্তন করা সহজ কাজ; কিন্তু হাই কোর্টের নির্দেশে তিন জন ব্যক্তিকে গ্রেপ্তার করা সরকার বাহাদুরের নিকট খুবই কঠিন কাজ। হায়রে... ..”
ক্ষোভ প্রকাশ করে মিরন হাসান নিক থেকে বলা হয়, “প্রক্রিয়া নিয়েই থাকো গ্রেফতারের কি দরকার!”
আবদুল হক লিখেছেন, “হাইকোর্ট বড় না আর্মি বড়?”
রনি বরিশাল ও রিয়াজ হাসান নিক থেকে মন্তব্য এসেছে, “আর কত নাটক দেখাইবে?”
মো. ইয়ামিন লিখেছেন, “প্রক্রিয়া চলতে চলতে তারাও গুম হয়ে যাবে...”
রনি হাওলাদার লিখেছেন, “বড় নেতারা জড়িত, বিচার তো দেরি হবেই।”
গীতা দাস লিখেছেন, “পালানোর সুযোগ করে দেয়ার জন্য দেরি হচ্ছে না তো?”
বাংলা নাইন নিক থেকে একজন লিখেছেন, “অর্থাৎ কোন পদক্ষেপ না নেয়ার ধানাইপানাই। উচ্চ আদালতকে এদ্দিন এক্কেবারে অবশ্যপালনীয় আদেশস্থল বলে গীতবাদ্য করে এখন সে আদেশ পালনে শৈথিল্য কেন?”
খবরের নিচে মন্তব্যে রবিন আহসান বিস্ময় প্রকাশ করে লিখেন, “বিডি নিউজের খবর পইড়া অবাক হইলাম !!! সেনাবাহিনী ৭ খুনের আসামীদের হাইকোর্টের গ্রেফতারি পরয়ানা পাঠাবার ৭২ ঘন্টা শেষ হওয়ার পরও গ্রেফতার করতে দিচ্ছে না!!!”
নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় র্যাব সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় এরইমধ্যে দুর্যোগমন্ত্রী মায়ার জামাতা ও র্যাব-১১ এর সাবেক কমান্ডার তারেক সাঈদ মাহমুদসহ বাহিনীটির তিন কর্মকর্তাকে সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুৎ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়, র্যাব ও পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলার মধ্যেই গত শুক্রবার গণমাধ্যমে এক বিবৃতি পাঠান মন্ত্রী মোফাজ্জল হোসেনে চৌধুরী মায়া, যাতে তিনি দাবি করেন-ওই হত্যাকাণ্ডে অভিযুক্ত কারো সঙ্গে তার পরিবারের কোনো সদস্যের সংশ্লিষ্টতা ছিল না।
সামরিক বাহিনী থেকে অবসরে পাঠানো এই তিন কর্মকর্তাকে গ্রেপ্তারে গত রোববার হাই কোর্টের আদেশ হয়, পরদিন সেই আদেশ পৌঁছে পুলিশ সদর দপ্তরে কাছে, তা গেছে নারায়ণগঞ্জেও। এরপর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে সোমবার দুপুরে সাংবাদিকদের জানিয়েছিলেন, ২৪ ঘণ্টায়ও সেই প্রক্রিয়ার শেষ দেখা যায়নি।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন মঙ্গলবার বিকালে বলেন, “হাই কোর্টের নির্দেশ অনুযায়ী কাজ চলছে। সহসাই এর প্রতিফলন দেখতে পারবেন।”সামরিক বাহিনীর সাবেক তিনজনকে গ্রেপ্তারে হাই কোর্টের নির্দেশ বাস্তবায়নে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ পুলিশের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে বলে সূত্র জানায়।
সর্বশেষ মঙ্গলবার রাতে হাই কোর্টের নির্দেশে র্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের ব্যাপারে ‘নিয়মমাফিক নিজেদের কাজ’শেষ করেছেন জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদক্ষেপের অপেক্ষায় আছেন তারা।
