২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে আটকের পর শিবির নেতা গুলিবিদ্ধ

যশোর সদর উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক শিবির নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 12:41 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

পুলিশের দাবি, আটকের পর ওই শিবির নেতাকে নিয়ে মঙ্গলবার রাতে শ্যামনগর গ্রামে ‘অস্ত্র উদ্ধার অভিযানে’ গিয়েছিলেন তারা। সেখানে শিবিরকর্মীদের সঙ্গে গোলাগুলিতে আহত হয়েছেন তিনি।

যশোর ডিবি পুলিশের এসআই আবুল খায়ের জানান, গুলিবিদ্ধ জাহিদুল ইসলামকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।    

এর আগে মঙ্গলবার সকালে ডিবি পুলিশ তাকে আটক করেছিল বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

আটক জাহিদুল ইসলামী ছাত্র শিবিরের যশোর শহর শাখার সভাপতি।

এসআই আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে গ্রেপ্তার জাহিদুলকে নিয়ে গভীর রাতে সদর উপজেলার শ্যামনগর গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে পুলিশের ওপর শিবির কর্মীরা হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একটি গুলি জাহিদুলের ডান পায়ে লাগে।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়েছে।

তবে শিবির নেতা জাহিদুলের বাবা আবুল খায়েরের অভিযোগ, পুলিশ তার ছেলেকে আটক করে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে পায়ে গুলি করেছে।