২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বশুর বাড়িতে যুবককে হত্যার অভিযোগ

গাইবান্ধা সদরে এক যুবককে শ্বশুর বাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 07:05 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

সোমবার রাতে মারা যান কামরুজ্জামান সরকার নয়ন (২৫)। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে দাবি নয়নের পরিবারের।

নয়ন ফুলছড়ি উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ঘোলদহ গ্রামের প্রয়াত আলমগীর হোসেনের ছেলে।

নয়নের স্বজনরা জানান, পাঁচ বছর আগে বাবা-মাকে না জানিয়ে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের কূপতলা গ্রামের আবুল মিয়ার মেয়ে শিমু আক্তারকে (২০) নয়ন বিয়ে করেন।

এরপর থেকে স্ত্রীকে নিয়ে সাদুল্লাপুরা উপজেলার নলডাঙ্গা বাজারে ভাড়া বাড়িতে বসবাস করতেন তিনি।

নয়নের চাচা শফিকুল ইসলাম সাজুর দাবি, দীর্ঘদিন থেকে স্ত্রীর সঙ্গে মনোমানিল্য চলছিল নয়নের। এ কারণে স্ত্রী, শ্বশুর ও শাশুড়ি মিলে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে সাদুল্লাপুর থানার এসআই গোলাম রাব্বানী জানান, বিয়ের পর নয়ন জুয়া খেলা ও মাদকাসক্তিতে জড়িয়ে পড়েন।

সোমবার বিকালে নয়ন শ্বশুর বাড়ি বেড়াতে আসেন। সেদিন জুয়া খেলে তার অনেক টাকা খোয়া যায়। রাতে বাড়ি ফিরলে জুয়া খেলা নিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে স্ত্রীকে চড়-থাপ্পড় মারেন নয়ন। এ সময় শ্যালক, শ্বশুর ও শ্বশুর বাড়ির লোকজন মিলে তাকে মারধর করেন।

“এতে তিনি অসুস্থ হলে মুখে কীটনাশক ঢেলে দিয়ে রাত সাড়ে ১১টায় সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্ত্রী ও শ্যালক,” বলেন এআই রব্বানী।

এরপর এক পর্যায়ে স্ত্রী ও শ্যালক লাশ রেখে পালিয়ে যান বলেও জানান তিনি।

এ ব্যাপারে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. সহেলী সৈয়দ জানান, নয়নকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল।

সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর জানা যাবে বিষয়টি হত্যা না আত্মহত্যা।

এ ঘটনায় পুলিশ থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে বলেন, ওসি।