২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্টনমেন্ট স্টেশনে আন্তঃনগর ট্রেনে আগুন

রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশনে আন্তঃনগর কালনী এক্সপ্রেসের খাবারের বগিতে সিলিন্ডার বিস্ফোরণে লাগা আগুন প্রায় পৌনে একঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 02:26 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত ডিউটি অফিসার শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে ট্রেনটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট তাৎক্ষণিক সেখানে যায়। বেলা সোয়া ২টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্যান্টনমেন্ট থানার ওসি আতিকুর রহমান জানিয়েছেন, সিলেটে থেকে ঢাকাগামী আন্তঃনগর এই ট্রেনের খাবারের বগিতে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। বগিটি মাঝে ছিল।

এ ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক আসিফ মাহমুদ অভি জানান, আগুনে খাবারের বগিসহ দুটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া আরো একটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মতিন চৌধুরী জানিয়েছেন, ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। তদন্তের পর এ বিষয়ে জানানো হবে।