রাজধানীতে অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত
রাজধানীর মিরপুরের কালশী রোড়ের একটি বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন একজন, আহত হয়েছেন দুজন।
টেলিভিশন বিস্ফোরিত হয়ে আগুন লাগলে এই হতাহতের ঘটনা ঘটে বলে আহতদের উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে।
নিহত আরেফিন (২৭) ‘সাইক ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠানের খণ্ডকালীন শিক্ষক। পাশাপাশি তিনি কাপড়ের ব্যবসা করেন। তার বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রাম।
আহত দুজন মনা ও মিনারা বেগম কাপড়ের হকার। দেহের আগুনের ৫৮ ভাগ ক্ষত নিয়ে মনা এবং ২৫ ভাগ ক্ষত নিয়ে মিনারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিসাধীন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। আরেফিনের দেহের ৯৫ শতাংশ পুড়েছিল, সন্ধ্যায় তিনি মারা যান।
পল্লবী থানার এসআই শহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে সাংবাদিক কলোনিতে আরেফিনের বাসায় টেলিভিশন বিস্ফোরণে তিনজনই অগ্নিদগ্ধ হন।
কলোনির ৫৩ নম্বর বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন আরেফিন। ব্যবসার কারণে সকালে তার বাড়িতে ওই দুই হকার এসেছিলেন বলে এসআই শহিদুল জানান।
