২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতে নিহত ২ শ্রমিকের বাড়িতে মাতম

সংযুক্ত আরব আমিরাতে শনিবার এক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ শ্রমিকের চার জন বাংলাদেশি। এদের মধ্যে দুজন হলেন চাঁদপুর সদরের মাসুম ঢালী (২৫) ও ফরিদগঞ্জ উপজেলার আলমগীর হোসেন(৩০)।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 10:01 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

রোববার দুপুরে দুর্ঘটনার খবর পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে তাদের গ্রামের পরিবেশ।

পরিবারের দারিদ্র্য দূর করতে বিদেশ গিয়ে লাশ হওয়া এ শ্রমিকের স্বজনরা এখন শুধুই বিলাপ করছেন।  

সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের কৃষক ইলিয়াস ঢালীর তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার বড় মাসুম ঢালী। বাবার কৃষি জমি বিক্রি করে আড়াই বছর আগে তিনি আরব আমিরাতে পাড়ি জমান।

সামনের কোরবানির ঈদে দেশে ফিরে বিয়ে করার কথা ছিল মাসুমের। কৃষক বাবার সংসারের অভাব ঘোচাতে বিদেশ গেলেও এখন লাশ হয়ে ফিরবেন তিনি।

মাসুমের লাশ দ্রুত দেশে নিয়ে আসার ব্যবস্থা করতে সরকারকে অনুরোধ করেন তার ছোটভাই মামুন ঢালী।

অন্যদিকে চাঁদপুরের ফরিদগঞ্জের সুবিদপুর গ্রামের বাদশা মাঝির ছোটছেলে আলমগীর সাড়ে চার বছর আগে আরব আমিরাতে যান। গত বছরের অগাস্টে একবার দেশেও আসেন তিনি। বাবা বাদশা মাঝি এক সময় চট্টগ্রামের ফিশারিঘাটে শ্রমিকের কাজ করলেও গ্রামে ফিরে বর্তমানে বেকার। আলমগীরের সংসারে স্ত্রী শাহীনুর বেগম ছাড়াও রয়েছে দুই শিশু সন্তান আঁখি (৭) ও খাদিজা (২)। তার উপরই ছিল গোটা সংসারের হাল।

আলমগীরে শ্যালক আব্বাস হোসেন বলেন, “বোনের সংসারে এখন আলো জ্বালানোর আর কেউ থাকল না।”

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসে কর্মরত কাউন্সিল (লেবার) মিজানুর রহমান জানান, নিহত চার বাংলাদেশি লাশ দুবাইর একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুত তাদের লাশ দেশে পাঠিয়ে দেয়া হবে।