২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্কে নতুন মাত্রা চায় চীন

বেইজিং ঢাকার সঙ্গে সম্পর্ককে একটি নতুন মাত্রা দিতে চায় বলে জানিয়েছেন চীনের সফররত শীর্ষ এক সামরিক কর্মকর্তা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 08:57 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল জু কুইলিয়াং একথা বলেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র।

জু কুইলিয়াং এর নেতৃত্বে চীনের সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে।

১৫ সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন অ্যাডমিরাল সান জিয়াংজো এবং লে. জেনারেল চুই চাংজুন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের বলেন, “জেনারেল জু বলেছেন, তার এই সফরের উদ্দেশ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ককে আরো গভীরতর করা।”

সফররত জেনারেলকে উদ্ধৃত করে মাহবুবুল হক শাকিল বলেন, “আমরা দু’দেশের সম্পর্ককে একটি নতুন মাত্রা দিতে চাই।

“জেনারেল বলেছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও শক্তি বৃদ্ধিতে চীন সহায়তা দেবে।

“জু আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার সরকার ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণে সফল হবে।”

শাকিল আরো বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক চায়।

“তিনি আরো বলেন, বাংলাদেশ চায় এই দু’দেশের সম্পর্ক আরো গভীর হোক।

“প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা চাই বাংলাদেশ ও চীনের সশস্ত্র বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার হোক’।”

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তার বিশেষ সহকারী আরো বলেন, “বাংলাদেশ বিশ্বাস করে প্রতিটি দেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তা রক্ষা করে অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করবে।”

“অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে দরিদ্র মানুষের আর্থ সামাজিক উন্নয়নে করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তোলার লক্ষ্য পূরণে চীনের সহযোগিতার আশা করেন।”

শাকিল বলেন, “চীনা জেনারেল বলেছেন, সফরের প্রধান লক্ষ্য হচ্ছে, দু’দেশের সশস্ত্র বাহিনীর সম্পর্কের উন্নয়ন করা। দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্কের উন্নয়ন হলে রাষ্ট্রের ক্ষেত্রেও তা প্রভাব ফেলবে।”

বাংলাদেশ সরকারের এক চীন নীতিরও প্রশংসা জু কুইলিয়াং করেছেন বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ ও চীনের সম্পর্কের শেকড় দু’দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেন জেনারেল জু।

বৈঠকের শুরুতেই তিনি শেখ হাসিনাকে তার দেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে পুনরায় সরকার গঠনের জন্য শেখ হাসিনাকে অভিনন্দনও জানান তিনি।

মাহবুবুল হক শাকিল বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন,‘আমাদের দু’দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।

“এসময়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের কথা এবং তার আত্মজীবনীতে তা লেখার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

“চীনের অর্থনৈতিক উত্থান প্রতিবেশী দেশগুলোর জন্য অনুকরণীয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

“বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে চীনের সহায়তার কথাও বলেন শেখ হাসিনা।

“কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে সড়ক নির্মাণের আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, এই সড়ক পথ সম্পন্ন হলে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ আরো বৃদ্ধি পাবে।

“প্রধানমন্ত্রী আরো বলেছেন, প্রতিবেশী দেশগুলো একে অপরকে সহযোগিতা করে সৌহাদ্যপূর্ণ আঞ্চলিক পরিবশে নিশ্চিত করতে পারি।”

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লে. জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত  লি জুন।