২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর হাসপাতালে ‘অবহেলায় মৃত্যু’

শেরপুর সদর হাসপাতালে অবহেলায় এক অন্তঃসত্তা গৃহবধূর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। 

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 06:22 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সোমবার সকালে শিপ্রা রানী দাসের (২৫) মৃত্যুর পর বিক্ষুব্ধ স্বজন ও প্রতিবেশীরা সংশ্লিষ্ট চিকিৎসক ও সেবিকার শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

পরে খবর পেয়ে শেরপুরের সিভিল সার্জন ডা. নারায়ণ চন্দ্র দে হাসপাতালে পরিস্থিতি শান্ত করেন এবং পরে বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেন।  

ডা. নারায়ণ চন্দ্র দে সাংবাদিকদের বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি কারো অবহেলার প্রমাণ পেলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মৃত শিপ্রা শেরপুর শহরের গোপালবাড়ী মহল্লার ট্রাক শ্রমিক অতুল দাসের মেয়ে।

অতুল দাস, বোন আন্না দাস, মা শেফালী দাস, শাশুড়ি ফুলন দাস এবং প্রতিবেশী উৎপল কুমার দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১২টার দিকে প্রসব ব্যাথা শুরু হলে শিপ্রাকে জেলা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ও সেবিকারা তাকে কোনো চিকিৎসা দেয়নি এবং বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসককে বিষয়টি জানানওনি।

সকালের দিকে অবস্থার অবনতি হলে অনেক ডাকাডাকির পর একজন সেবিকা শিপ্রাকে একটি ইনজেকশন দেন। এরপর দুই মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, মারা যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিপ্রার মৃতদেহকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে লিখে দেন।

ঘটনার পরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত স্বজন ও প্রতিবেশীরা।

এ ঘটনা তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের কার্ডিওলজির সিনিয়র কনসালটেন্ট ডা. মাহমুদুল ইসলাম সিনহাকে প্রধান এবং নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র গাইনি কনসালটেন্ট ডা. আফসানা রওশন ও শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র গাইনি কনসালটেন্ট ডা. রেবেকা সুলতানাকে সদস্য করে  কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।