২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পিটুনিতে ‘হত্যাকারী’ নিহত

বাগেরহাট সদর উপজেলায় ছাত্রদলের এক নেতাকে ছুরিকাঘাত করে পালানোর সময় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে জনতা। পরে ওই ছাত্রদল নেতারও মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 01:05 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

সোমবার বেলা সোয়া ১০টার দিকে উপজেলার বেমরতা ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় জনতার হাতে আটক মামুন শেখ (২৪) নামে হত্যাকারীর এক সহযোগীকে জনতার হাত থেকে উদ্ধারের পর গ্রেপ্তার করে পুলিশ।

নিহতরা হলেন উপজেলার বেমরতা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ ও একই উপজেলার কলাবাড়িয়া গ্রামের ফারুক হাওলাদারের ছেলে রাজিব হাওলাদার।

বাগেরহাট সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান,  মাদ্রাসা বাজারে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোছাফফেল হোসেনের সঙ্গে চা খেয়ে রিকশায় উঠছিলেন আজাদ। ওই সময় আজাদের বুকে ও পেটে ছুরিকাঘাত করে রাজিব। এরপর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধরে পিটুনি দিলে ঘটনাস্থলে রাজিবের মৃত্যু হয়।

আজাদকে মুমূর্ষু অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিকাল পর্যন্ত আজাদকে হত্যার সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।

বাগেরহাট সদর থানার ওসি মো. আলী আজম খান বলেন, গ্রেপ্তার মামুনকে জিজ্ঞাসাবাদ করলে আজাদকে হত্যার কারণ দ্রুত জানা যাবে আশা করা যায়।