পিরোজপুরে নৈশ প্রহরী খুন, আহত ৩
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় একটি বাজারে শনিবার গভীর রাতে দুর্বৃত্তের হামলায় এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। গুরুতর আহত হন এক পরিবারের তিন জন।
ইকড়ি বাজারে এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা রোববার দোকানপাট বন্ধ রেখে এক দিনের ধর্মঘট করেন।
নিহত আ. রশিদ খান (৫০) ইকড়ি বাজারের নিরাপত্তা প্রহরী ছিলেন।
মো. সামছুল হক মুহুরি এবং তার দুই ছেলে শাহাদাৎ ও সরোয়ারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সুদেব বৈরাগী নামের একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে।
ভান্ডারিয়া থানার ওসি মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে ১৪-১৫ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সামছুলের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় ঘুমিয়ে থাকা শামছুল হক ও তার দুই ছেলেকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
পালিয়ে যাওয়ার সময় নৈশ প্রহরী তাদের প্রতিহত করার চেষ্টা করলে তাকে কুপিয়ে খুন করে রেখে যায়।
লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান।
