২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুনে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

নারায়ণগঞ্জে আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাত খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 04:59 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

রোববার দুপুর ১টার দিকে আদালতপাড়ায় এ মানববন্ধন থেকে অনির্দিষ্টকালের জন্য প্রতিদিন এক ঘণ্টা আদালত বর্জন, এক ঘণ্টা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন তারা।

জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জানান, কর্মসূচির আওতায় প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দালত বর্জন ও দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করবে আইনজীবী সমিতি।

Image
গত ৩০ এপ্রিল অপহৃতদের লাশ নদীতে ভেসে ওঠার পর তা তোলা হয়

গত ৩০ এপ্রিল অপহৃতদের লাশ নদীতে ভেসে ওঠার পর তা তোলা হয়

সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতা আব্দুল বাসেত মজমুদার, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, আনিসুর রহমান দীপু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সরকার হুমায়ুন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নারায়ণগঞ্জে জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে নৃশংসভাবে খুনের ঘটনায় এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অবিলম্বে অভিযুক্ত র‌্যাব কর্মকর্তাসহ খুনিদের গ্রেপ্তার করতে হবে।

অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

গত ২৭ এপ্রিল অ্যাডভোকেট চন্দন কুমার সরকার, কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত জনকে অপহরণ করা হয়। তিন দিন পর তাদের লাশ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীতে।