২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 04:12 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

রোববার সকালে উপজেলার সৈয়দপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে মৃত পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

নিহত সুমন দেব (২০) বানিয়াচং উপজেলা সদরের রঘু চৌধুরীপাড়া এলাকার জীতেন্দ্র দেবের ছেলে।

পরিবারের বরাত দিয়ে নবীগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, একমাস আগে সুমন  বানিয়াচং থেকে নবীগঞ্জ উপজেলার আলমপুর গ্রামে বাড়ি বানিয়ে সপরিবারে বসবাস শুরু করেন। এরপর পাশের সৈয়দপুর বাজারের হাজী আব্দুস সাত্তার খান ম্যানশনে একটি স্বর্ণের দোকান দেন। রাতে তিনি দোকানেই থাকতেন।

সকাল ১০টা পর্যন্তও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে দোকানে যান। এ সময় বাইরে থেকে দোকানের শাটারে তালা দেয়া দেখে তারা তালা খুলে ভেতরে ঢুকে সুমনের লাশ দেখতে পান।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পূর্ব বিরোধের জেরে শ্বাসরোধে সুমনকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।