মাদারীপুরে দুইজনকে কুপিয়ে ছিনতাই
মাদারীপুর শহরে দুইজনকে কুপিয়ে ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মাদারীপুর সদর থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, রোববার বেলা ১টার দিকে শহরের দরগা শরীফ এলাকায় এ ঘটনার পর একজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
ওসি মোফাজ্জেল হোসেন বলেন, শহরের প্রমি এন্টারপাইজের ডিস্ট্রিবিউটর হুমায়ন কবির ও অহিদুজ্জামান বাবু মোটরসাইকেলে করে ১৫ লাখ টাকা নিয়ে কালকিনি উপজেলার বিকাশ এজেন্টদের দিতে যাচ্ছিলেন। পথে দরগা শরীফ এলাকায় তিন ছিনতাইকারী তাদের পথরোধ করে এলোপাথাড়ি কোপাতে থাকে।
এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মনির (৩০) নামে এক ছিনতাইকারীকে পিটুনী দিয়ে পুলিশে হস্তান্তর করে।
আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
