২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খারাপদের পরিণতি চলচ্চিত্রে খারাপই দেখান: প্রধানমন্ত্রী

মন্দকাজ যেন নিরুৎসাহিত হয়, সেজন্য চলচ্চিত্রে তার পরিণতি খারাপ দেখাতে নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 10:23 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ীদের হাতে পদক তুলে দিয়ে শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, “সমাজের দুঃখ-বেদনা জানাতে পারে- সেই ধরনের চলচ্চিত্র আমাদের একান্তভাবে প্রয়োজন। এই চলচ্চিত্র যেন আমাদের যুব সমাজকে বিপথে ঠেলে নিয়ে না যায়, সেদিকে বিশেষ দৃষ্টি দেয়ার প্রয়োজন রয়েছে।”

“চলচ্চিত্র নির্মাণ এমন হবে, যেন মানুষের মহৎ গুণগুলো বিকশিত হতে পারে। মানুষের খারাপ দিকগুলোর পরিণতি যেন খারাপ হয়, তারও প্রতিফলন ঘটাতে হবে।”

সুস্থধারার চলচ্চিত্র নির্মাণে সরকারে পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন সরকার প্রধান।

“দর্শকরা যাতে ভালো পরিবেশে সিনেমা দেখতে পারে, সে পরিবেশ আমরা তৈরি করতে চাই। নির্মাতারাও এই পথে এগিয়ে আসবেন, যা সমাজ সংস্কারমূলক হবে।”

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণের আহ্বানও জানান শেখ হাসিনা।

তথ্য মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে কলাকুশলীদের পুরস্কার দেয়ার পাশাপাশি আজীবন সম্মাননা পুরস্কার দেয়া হয় অভিনেতা খলিলউল্লাহ খানকে।

এবার ঘেঁটুপুত্র কমলার জন্য শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার পান প্রয়াত হুমায়ুন আহমেদ। পুরস্কার নিতে দুই সন্তানকে নিয়ে আসেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন।

খোদার পরে মা চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার শাকিব খান, চোরাবালিতে অভিনয়ের জন্য জয়া আহসান সেরা অভিনেত্রীর পুরস্কার নেন।

উত্তরের সুরের জন্য শ্রেষ্ঠ কাহিনীকারের পুরস্কার পেয়েছেন শাহনেওয়াজ কাকলী। এই চলচ্চিত্র প্রযোজনার জন্য শ্রেষ্ঠ প্রযোজকের পুরস্কার পেয়েছেন ফরিদুর রেজা সাগর।

পুরস্কার পাওয়া অন্যরা হলেন- শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতা এ টি এম শামসুজ্জামান (উত্তরের সুর), শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেত্রী লুসি তৃপ্তি গোমেজ (উত্তরের সুর), খলচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা শহিদুজ্জামান সেলিম, শ্রেষ্ঠ শিশু শিল্পী মামুন (ঘেঁটুপুত্র কমলা), বিশেষ শাখায় শ্রেষ্ঠ শিশু শিল্পী মেঘলা (উত্তরের সুর), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা রেদওয়ান রনি (চোরাবালি), শ্রেষ্ঠ সংগীত পরিচালক ইমন খান (ঘেঁটু পুত্র কমলা), শ্রেষ্ঠ গায়ক পলাশ (খোদার পরে মা), শ্রেষ্ঠ গায়িকা রুনা লায়লা (তুমি আসবে বলে), শ্রেষ্ঠ সুরকার ইমন সাহা (পিতা), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান (ঘেঁটুপুত্র কমলা), শ্রেষ্ঠ শব্দগ্রাহক রিপন সাহা (চোরাবালি), শ্রেষ্ঠ সম্পাদক সলিমুল্লাহ সেলিম (ঘেঁটুপুত্র কমলা), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক কালান্তর ও উত্তম সেন (রাজা সূর্য সেন), শ্রেষ্ঠ মেকআপম্যান খলিলুর রহমান (ঘেঁটুপুত্র কমলা) এবং শ্রেষ্ঠ সাজসজ্জা এস এম মইনুদ্দিন ফুয়াদ।

পুরস্কারপ্রাপ্তদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করতে গিয়ে খলিল চিকিৎসা নিয়ে তার অসহায়ত্বের কথা তুলে ধরেন।

তখন শেখ হাসিনা বলেন, “তার (খলিল উল্লাহ খান) আজীবন চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। তিনি আমাদের অনেক দিয়ে গেছেন। এখন, আমাদের দেয়ার পালা।”

সারাদেশে বন্ধ হয়ে যাওয়া প্রেক্ষাগৃহ চালু ও আধুনিকায়নের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু যথাযথ ব্যবস্থা নেবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

শেখ হাসিনা বলেন, চলচ্চিত্র মাধ্যমের অন্তর্নিহিত শক্তির কথা অনুধাবন করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল প্রাদেশিক আইন পরিষদে ‘পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল’ উত্থাপন করেন।

ওই সময় বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও পল্লী সহায়তামন্ত্রী ছিলেন। বঙ্গবন্ধুর সেই পদক্ষেপের ফলেই ‘চলচ্চিত্র উন্নয়ন সংস্থা’ (এফডিসি) সৃষ্টি হয়, বলেন হাসিনা।

চলচ্চিত্রে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ওপর জোর দিয়ে এক্ষেত্রে সরকারের উদ্যোগের কথাও বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, স্বতন্ত্র স্থায়ী ভবনে ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার কাজ অনেক দূর এগিয়ে গেছে। ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট আইন’ প্রণয়ন করা হয়েছে। ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। নতুন সিনেপ্লেক্স নির্মাণের ক্ষেত্রে কর অব্যাহতি দেয়া হয়েছে। চলচ্চিত্র প্রদর্শনের ক্ষেত্রে প্রযোজ্য সম্পূরক কর প্রত্যাহার করা হয়েছে।

আধুনিক ডিজিটাল সার্টিফিকেশন প্রথা চালুর উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “যুগের সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্র এগিয়ে যাক, সেটাই আমরা চাই।”

সুস্থধারার চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে পাঁচটি স্বল্প ও পাঁচটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অনুদান প্রথা চালু করা হয়েছে। এর মধ্যে কমপক্ষে একটি শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য এবং একটি শিশুতোষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ১০ লাখ টাকা অনুদান এবং দুই লাখ টাকার সার্ভিস এফডিসি থেকে দেয়া হচ্ছে। প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ৩৫ লাখ টাকা অনুদান এবং ১০ লাখ টাকার সার্ভিস এফডিসি থেকে দেয়া হচ্ছে।