আশুলিয়ায় দেয়াল ধ্বসে আহত ১৫
সাভারের আশুলিয়ায় একটি কারখানার দেয়াল ধ্বসে অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে গৌরিপুর এলাকায় ইউনাইটেড ট্রাউজার লিমিটেড ইউনিট-২ কারখানায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আক্তার, আমির হোসেন, কালু মিয়া ও হাসানকে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের নাম তাৎক্ষণিকভাবে বলতে পারেনি পুলিশ।
শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় কারখানাটির নিচ তলার স্টোর রুমের প্রায় সাত ফুট উঁচু এবং ৫০ ফুট লম্বা দেয়ালটি হঠাৎ ধসে পড়ে। এসময় প্রায় ১৫ জনের মতো আহত হয়।
খবর পেয়ে দ্রুত ডিইপিজেড দমকল বাহিনী সদস্যরা ঘটনাস্থলে যান।
স্টোর রুমে থাকা বড় সাইজের কাপড়ের রোলের চাপে দেয়ালটি ধ্বসে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ সুপার।
