২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বাস চলাচল শুরু

তিন দিন বন্ধ থাকার পর দিনাজপুরের সঙ্গে সারাদেশের বাস চলাচল আবার শুরু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 08:27 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে জেলার সকল রুটে বাস চলাচল শুরু হয়েছে বলে পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ জানান।

বুধবার রাত থেকে দিনাজপুরের সকল রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছিল মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন।

দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের সঙ্গে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের বৈঠকে হুইপ বাস চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।

এরপর দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রমিকরা নিজেদের মধ্যে সভা করে বাস ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বাস চলাচল শুরু হয়।

বুধবার বিকালে শহরের কালিতলায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কর্মকর্তাদের বহনকারী একটি বাসের সঙ্গে সাগরিকা পরিবহনের দূর পাল্লার একটি বাসের সংঘর্ষ হয়। এরপর পরিবহন শ্রমিকদের সঙ্গে হাবিপ্রবি শিক্ষার্থীদের মারপিট ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।

এরপর রাত ৮টা থেকে দিনাজপুরের সকল রুটে সব ধরনের বাস চলাচল মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন বন্ধ করে দিলে জেলাটি সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।