বোয়ালখালীতে সেতুর দাবিতে মাসব্যাপী কর্মসূচি
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বোয়ালখালী-কালুরঘাট সেতুর দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সেতু বাস্তবায়ন পরিষদ।
শনিবার সকালে বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের ডাকে মানববন্ধন ও সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশ থেকে বক্তারা, বোয়ালখালী উপজেলা ও দক্ষিণ চট্টগ্রামের মানুষের অস্তিত্ব রক্ষায় কালুরঘাট সেতু নির্মাণের দাবিতে কঠোর আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দেন।
বক্তারা বলেন, স্বাধীনতার পর চার দশক পেরিয়ে গেলেও বোয়ালখালী উপজেলার যোগাযোগ ব্যবস্থা এখনো উপেক্ষিত। নীতি নির্ধারকদের উন্নয়নের তালিকায় এই এলাকার মানুষের 'প্রাণের দাবি' কালুরঘাট সেতু অর্ন্তভুক্ত হয়নি। এই সেতুটি শুধু বোয়ালখালীর নয় সমগ্র দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নের স্বর্ণদ্বার হবে।
সমাবেশ থেকে শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে জনসংযোগ, স্থানীয় জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় এবং দক্ষিণ চট্টগ্রামের সাংসদের সঙ্গে মতবিনিময়ের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।
এছাড়াও চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়ার কর্মসূচিরও ঘোষণা দেন তারা।
সমাবেশে সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আব্দুল মোমিন বলেন, দেশে অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে অথচ দক্ষিণ চট্টগ্রামের ১২ লাখ মানুষের প্রাণের দাবি কালুরঘাট সেতু নির্মাণে কোনো উদ্যোগ আজো নেয়া হয়নি।
পরিষদের সদস্য সচিব সাংবাদিক রমেন দাশ গুপ্ত বলেন, বর্তমানে যে রেল সেতুটি আছে তা আপদকালীন সেতু। গত ৪৩ বছরে এ দাবিতে আমরা কখনো রাজপথে দাঁড়াইনি।
“একটি সেতুর অভাবে কতো মানুষ প্রাণ হারিয়েছে আর দুর্ঘটনায় পঙ্গু হয়েছে তার হিসেব নীতি নির্ধারকদের কাছে নেই। নীতিনির্ধারকদের মানচিত্রে আমরা নেই। আমাদের অস্তিত্বের এ লড়াই চলবে।”
সেতু পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মুস্তফা নঈমের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন শিক্ষক, আইনজীবী, শিশু সংগঠক, শিল্পী, চিকিৎসক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য রাখেন কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের কার্যকরী সভাপতি আব্দুল মান্নান, আবৃত্তি শিল্পী বোধনের সভাপতি রণজিৎ রক্ষিত এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির চট্টগ্রাম অঞ্চলের সভাপতি দবির উদ্দিন খান।
এছাড়াও এতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার শেফু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এবং চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদও বক্তব্য দেন।
সমাবেশে সংহতি জানায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, বোয়ালখালী প্রেস ক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি বোয়ালখালী শাখা, খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটি, বিনয়বাঁশি শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ইংরেজ শাসনামলে ১৯৩০ সালে সাতশ' গজ দীর্ঘ বোয়ালখালী-কালুরঘাট রেলসেতুটি নির্মাণ করা হয়।
প্রথমে কেবল রেল চলাচল করলেও ১৯৫৮ সালে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। ১৯৯১ সালে প্রলয়ঙ্করী র্ঘূণিঝড়ের পর এই সেতু দিয়েই চলাচল করতো দক্ষিণ চট্টগ্রামমুখী অধিকাংশ বাস। ।
২০০১ সালে বাংলাদেশ রেলওয়ে এই সেতুটিকে চলাচলের জন্য 'ঝুঁকিপূর্ণ' বলে চিহ্নিত করে।
১৯৮৬, ১৯৯৭, ২০০৪ এবং সবশেষ ২০১২ সালের সেপ্টেম্বেরে চার দফায় সেতুটিকে সংস্কার করে রেলওয়ে সেতু বিভাগ।
