কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার
দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় রংপুরের কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোফাজ্জল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওলা।
তিনি বলেন, কেন্দ্রের নির্দেশে বর্ধিত সভা করে এবং তৃণমূল নেতাকর্মীদের সমর্থনের ভিত্তিতে উপজেলা সভাপতি আনোয়ারুল ইসলাম মায়াকে একক প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হয়েছে।
এ বিষয়ে মোফাজ্জল হোসেন বলেন, “বহিষ্কার করা হয়েছে বলে শুনেছি। লিখিত আদেশ পাইনি। জনগণের আহ্বানে সাড়া দিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। এখন সরে দাঁড়ানোর সুযোগ নেই।”
আগামী ১৯ মে কাউনিয়া উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে।
