২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা না দেয়ার প্রতিবাদে রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন

বিভিন্ন হাসপাতালে সাংবাদিকদের উপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলা ও চিকিৎসা দিতে অপারগতা জানানোর প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে সাংবাদিকরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 02:59 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে শনিবার সকাল ১০ থেকে দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে রাজশাহী সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে সাংবাদিকদের চিকিৎসা দিতে অপারগতা জানানো এবং বিভিন্ন হাসপাতালে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় শিক্ষানবিশ চিকিৎসকদের সনদপত্র না দেয়া এবং হামলার ঘটনায় দায়ের করা মামলা দ্রুত বিচার আইনে নেয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, প্রশিক্ষণকালেই যারা লাঠি ও লোহার রড হাতে নিয়ে হাসপাতালের মধ্যেই মানুষকে আঘাত করতে পারে, যারা অসুস্থ্ রোগীকে চিকিৎসা দিতে অপারগতা জানায় তাদের কাছে চিকিৎসা সেবা কখনই নিরাপদ হতে পারেনা।

“এসব শিক্ষানবিশ চিকিৎসকদের চিহ্নিত করে তাদের সনদপত্র না দেয়ার জন্য রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাই।”

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি শ ম শাজুর সভাপতিত্বে মানববন্ধনে রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিলের চেয়ারম্যান এস এম কাদের, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল আলম ফটিক, প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী, আব্দুর রহমান সরদার, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, সাংবাদিক মমিনুল ইসলাম বাবু, জাবিদ অপু বক্তব্য রাখেন।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক প্রদীপ কুমার পান্ডে, রাজশাহী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুর রহমান, শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক বাবু রাজ কুমার প্রমুখ।