নারায়ণগঞ্জে যাবেন খালেদা
সাত খুনের প্রেক্ষাপটে নারায়াণগঞ্জে জনসভার অনুমতি না পেলেও কাউন্সিলর নজরুলসহ নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল জানান, বুধবার নারায়ণগঞ্জে এসে হত্যাকাণ্ডের শিকার সাতজনের প্রত্যেকের বাড়ি গিয়ে শোকার্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাবেন খালেদা জিয়া।
আগামী ১৪ মে নগরের জিমখানা মাঠে (আলাউদ্দিন স্টেডিয়াম) খালেদা জিয়ার উপস্থিতিতে জনসভা করার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেও অনুমতি পায়নি বিএনপি।
ফাইল ছবি
এর আগে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলার অবনতির শঙ্কা থেকে শহরের সড়কে জনসভার আবেদন ফিরিয়ে দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
বিএনপি বেশ কিছুদিন ধরেই অভিযোগ করে আসছে, তাদের দলের নেতা-কর্মীদের গুম-খুন করা হচ্ছে। গত এক বছরে এর শিকার হয়েছেন ৩১০ জন।
এর মধ্যে গত মাসের মধ্যভাগে নারায়ণগঞ্জে অপহৃত হন পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী এ বি সিদ্দিক। তবে দুদিনের মাথায় তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।
এর দুই সপ্তাহের মাথায় নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে তুলে নেয়া হয় গত ২৭ এপ্রিল। তিন দিন পর তাদের লাশ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।
