২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘অপহৃত’ স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার

ঢাকা থেকে নিখোঁজ এক স্কুল ছাত্রীকে বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা থেকে উদ্ধার করেছে র‌্যাব, যাকে ‘অপহরণ’ করা হয়েছিল তার পরিবারের অভিযোগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 11:23 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শুক্রবার রাতে পতেঙ্গার কাঠগড় এলাকার একটি বাসা থেকে  র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে প্রায় এক মাস আগে নিখোঁজ ওই ছাত্রীকে (১৬) উদ্ধার করে।

এ ঘটনায় অপহরণের অভিযোগে আল আমিন (২০) নামে এক যুবককেও গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৭ এর উপ-পরিচালক মেজর রাশেদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৬ এপ্রিল ঢাকার মিরপুরের দারুস সালাম এলাকা থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীকে অপহরণ করা হয়।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।

র‌্যাব কর্মকর্তা রাশেদুল বলেন, “অপহরণের পর ছাত্রীটিকে চট্টগ্রাম নিয়ে এসে কাঠগড়ের একটি বাসায় আটকে রাখা হয়।

“আল আমিনের মোবাইল ফোনের কল লিস্ট অনুসরণ করে আমরা তার অবস্থান সনাক্ত করি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

“আল আমিনের দাবি সে মেয়েটিকে বিয়ে করেছে। তবে ছাত্রীটি অপ্রাপ্তবয়স্ক। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”