প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগপ্রার্থীদের বিক্ষোভ
ময়মনসিংহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৪র্থ শ্রেণি কর্মচারী নিয়োগ পরীক্ষা দিতে এসে পেছানোর খবর শুনে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা।
শুক্রবার সকাল ১০টার এ লিখিত পরীক্ষাটি পেছানো হলেও তারা বিষয়টি শোনেননি বলে দাবি করছেন।
ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে ময়মনসিংহ প্রেসক্লাব চত্বরে এসে বিক্ষোভ প্রদর্শন করেন।
চাকরিপ্রার্থী ঝরনা বেগম জানান, বৃহত্তর ময়মনসিংহের ১৪ হাজার চাকরিপ্রার্থীর আজ ১০টায় লিখিত পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষা দিতে এসে কেন্দ্র বন্ধ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তারা।
এর আগেও দুই দফা এই পরীক্ষা পেছানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিব নারায়ণ সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে আজকের এই পরীক্ষা স্থগিত করা হলেও যথেষ্ট প্রচার প্রচারণা না করার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
