দুর্ঘটনায় পড়লো মজীনার গাড়ি, রাষ্ট্রদূত অক্ষত
গাজীপুর সফরে গিয়ে দুর্ঘটনায় পড়েছিল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাকে বহনকারী গাড়ি।
শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার লোহাদী গ্রামে একটি সৌর বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে গিয়ে রাস্তা থেকে সরে পাশের একটি পুকুরের দিকে কাত হয়ে পড়ে তার গাড়ি।
তবে চালক দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামলে নেয়ায় অক্ষত আছেন রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীরা।
কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়ক থেকে লোহাদী গ্রামের ইট বিছানো রাস্তায় প্রবেশ করে ড্যান মজীনাকে বহনকারী গাড়ি।
“লোহাদী উচ্চ বিদ্যালয়ের পাশে পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে অন্তত ১০ ফুট গভীর একটি পুকুরের দিকে হেলে পড়ে। কিন্তু গাড়ি পানিতে পড়ার আগেই দক্ষতার সঙ্গে চালক পরিস্থিতি সামলান।”
ওসি আহসান বলেন, জীপটি কাত হওয়ার পর মজীনাসহ গাড়ির যাত্রীরা দ্রুত রাস্তায় নেমে আসেন।
রাষ্ট্রদূতসহ গাড়িতে থাকা তার সফরসঙ্গীরা সবাই সুস্থ আছেন বলে জানান তিনি।
এর পর অন্য একটি গাড়িতে করে প্রকল্পস্থলে যান ড্যান মজীনা।
লোহাদী গ্রামে সোলার ন্যানো গ্রিড-কে১ নামের এই প্রকল্প বাস্তবায়ন করছে সোলারিক নামে একটি প্রতিষ্ঠান।
